


ব্রাহ্মণবাড়িয়ার কসবায় এসএসসি পরীক্ষার্থী এক কিশোরীর বাল্যবিবাহ বন্ধ করে দিয়েছে প্রশাসন। ভ্রাম্যমাণ আদালতের অভিযানে শুধু বিয়ে বন্ধই হয়নি, কনের বাবাকে জরিমানাও করা হয়েছে এবং বিয়ের জন্য প্রস্তুত করা খাবার এতিমখানায় বিতরণ করা হয়েছে। ঘটনাটি এলাকায় ইতিবাচক প্রতিক্রিয়া সৃষ্টি করেছে।
শুক্রবার (১০ এপ্রিল) কসবা উপজেলার পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডের বগাবাড়ি এলাকায় এই ঘটনা ঘটে। বাল্যবিবাহের আয়োজন করা হয়েছিল ১৬ বছর ৬ মাস বয়সী সাওদা আক্তার লামিয়ার, যিনি ২০২৬ সালের এসএসসি পরীক্ষার্থী।
অভিযোগ পাওয়ার পর দ্রুত ঘটনাস্থলে উপস্থিত হন উপজেলা প্রশাসন। অভিযানে নেতৃত্ব দেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. তানজিল কবির। তার সঙ্গে ছিলেন মহিলা বিষয়ক কর্মকর্তার প্রতিনিধি ও আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা।
ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে বাল্যবিবাহ নিরোধ আইন, ২০১৭ অনুযায়ী কনের বাবা সেন্টু মিয়াকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়। পাশাপাশি তিনি লিখিত মুচলেকা দেন যে, মেয়েকে প্রাপ্তবয়স্ক হওয়ার আগে আর বিয়ে দেবেন না।
এ ঘটনায় একটি ব্যতিক্রমী সিদ্ধান্তও নেয় প্রশাসন। বিয়ের জন্য প্রস্তুত করা খাবার জব্দ করে তা স্থানীয় আড়াইবাড়ী এতিমখানায় বিতরণ করা হয়, যা মানবিক দৃষ্টিকোণ থেকে প্রশংসিত হয়েছে।
প্রশাসন জানিয়েছে, বাল্যবিবাহ রোধে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে। স্থানীয়ভাবে সচেতনতা বৃদ্ধি এবং আইন প্রয়োগের মাধ্যমে এ ধরনের সামাজিক অপরাধ বন্ধে কঠোর অবস্থান নেওয়া হবে বলেও জানান সংশ্লিষ্টরা।