


দৈনিক কালবেলার বরিশাল ব্যুরো প্রধান ও বরিশাল জেলা সাংবাদিক ইউনিয়নের যুগ্ম সম্পাদক আরিফিন তুষার মারা গেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। সোমবার রাত সাড়ে ৯টার দিকে হঠাৎ হৃদরোগে আক্রান্ত হলে সহকর্মীরা তাকে শের-ই-বাংলা মেডিকেল কলেজ (শেবাচিম) হাসপাতালে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
তাঁর এই অকাল মৃত্যুতে বরিশালের সাংবাদিক অঙ্গনে শোকের ছায়া নেমে এসেছে। খবর পেয়ে সহকর্মীরা হাসপাতালে ছুটে যান। আরিফিন তুষার তিন বছর বয়সী এক পুত্রসন্তান রেখে গেছেন।
মঙ্গলবার সকাল ১০টায় বরিশাল প্রেসক্লাব চত্বরে তার প্রথম জানাজা অনুষ্ঠিত হয়। পরে তার নিজ গ্রাম হিজলা উপজেলার আন্দারমানিক গ্রামে দ্বিতীয় জানাজা শেষে তাকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।
সাংবাদিক আরিফিন তুষারের মৃত্যুতে বরিশাল প্রেসক্লাব, জেলা সাংবাদিক ইউনিয়ন, অনলাইন সাংবাদিক ইউনিয়ন, মেট্রোপলিটন প্রেসক্লাবসহ বিভিন্ন সাংবাদিক সংগঠনের নেতৃবৃন্দ এবং বিএনপি ও জামায়াতে ইসলামীসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা গভীর শোক প্রকাশ করেছেন। তারা শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।
২০০৮ সালে 'দৈনিক আজকের পরিবর্তন' পত্রিকায় স্টাফ রিপোর্টার হিসেবে সাংবাদিকতা জীবন শুরু করেন আরিফিন তুষার। দীর্ঘ কর্মজীবনে তিনি 'বিপ্লবী বাংলাদেশ', 'ভোরের আলো', 'দখিনের মুখ' এবং 'ঢাকা টাইমস'-এর মতো বিভিন্ন গণমাধ্যমে গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করেছেন। মৃত্যুকালে তিনি 'দৈনিক কালবেলা'র বরিশাল ব্যুরো প্রধান হিসেবে কর্মরত ছিলেন।