Date: April 25, 2026

দৈনিক দেশেরপত্র

collapse
...
Home / সারাদেশ / বরিশাল / বরিশালে হেযবুত তাওহীদের মতবিনিময় সভা অনুষ্ঠিত - দৈনিক দেশেরপত্র - মানবতার কল্যাণে সত্যের প্রকাশ

বরিশালে হেযবুত তাওহীদের মতবিনিময় সভা অনুষ্ঠিত

September 20, 2025 12:57:10 PM   অনলাইন ডেস্ক
বরিশালে হেযবুত তাওহীদের মতবিনিময় সভা অনুষ্ঠিত

বরিশাল প্রতিনিধি :
বরিশালে হেযবুত তাওহীদের উদ্যোগে “রাষ্ট্র সংস্কারের প্রস্তাবনা: তওহীদভিত্তিক আধুনিক রাষ্ট্র ব্যবস্থা” শীর্ষক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (১৯ সেপ্টেম্বর) বরিশাল জেলা হেযবুত তাওহীদের আয়োজনে বরিশাল লঞ্চঘাটে বিভিন্ন রুটের লঞ্চের কর্মকর্তা ও কর্মচারীদের নিয়ে এ সভা অনুষ্ঠিত হয়।

সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন হেযবুত তাওহীদ বরিশাল বিভাগের সভাপতি শফিকুল আলম উখবা। তিনি বলেন, স্বাধীনতার পর ৫৩ বছরে সংবিধানে ১৭ বার সংশোধনী আনা হয়েছে, অসংখ্য নতুন আইন প্রণয়ন করা হয়েছে। কিন্তু জাতির মৌলিক সংকটের টেকসই সমাধান হয়নি। কারণ আমরা এখনো মানবরচিত আইন ও জীবনব্যবস্থা দ্বারা পরিচালিত হচ্ছি। এই ব্যবস্থায় শান্তি প্রতিষ্ঠা সম্ভব নয়।

তিনি আরও বলেন, আমরা আজও ব্রিটিশ ঔপনিবেশিক আইন দ্বারা শাসিত হচ্ছি। অথচ অনেকে কোরআনের বিধানকে ১৪০০ বছরের পুরোনো বলে অচল মনে করেন। ব্রিটিশ আইনের অন্ধ অনুসরণের ফলে দেশে মামলার জট বাড়ছে, সমাজে অন্যায়-অবিচার বৃদ্ধি পাচ্ছে।

শফিকুল আলম উখবা উল্লেখ করেন, ইসলামে আধুনিক গণতান্ত্রিক নির্বাচন প্রক্রিয়ার সাথে কোনো সাংঘর্ষিকতা নেই। যেমন ইমাম নির্বাচনের ক্ষেত্রে মুসল্লিদের সমর্থন জরুরি, তেমনি রাষ্ট্র নেতৃত্বও হতে হবে জনগণের সমর্থিত। তিনি আরও বলেন, জনগণের নির্বাচিত প্রতিনিধি সংসদে গিয়ে আইন প্রণয়ন করে, অথচ বিধানদাতা একমাত্র আল্লাহ। আল্লাহকে আংশিক মানা বা মান্য করা শিরকের শামিল।

বিশেষ অতিথি হিসেবে সভায় উপস্থিত ছিলেন বরিশাল বিভাগীয় হেযবুত তাওহীদের আঞ্চলিক আমির রুহুল আমিন মৃধা।

তিনি বলেন, তওহীদ অর্থাৎ আল্লাহর হুকুমের ভিত্তিতে আধুনিক রাষ্ট্রনীতি, রাজনৈতিক দল, বিচারব্যবস্থা, মসজিদ ব্যবস্থা, প্রতিরক্ষা ব্যবস্থা, আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, গণমাধ্যম, মন্ত্রিপরিষদ, নারীর মর্যাদা ও ভূমিকা, অন্য ধর্মের প্রতি দৃষ্টিভঙ্গি, আইনসভা, সামাজিক সুরক্ষা ইত্যাদি কেমন হবে তার একটি পূর্ণাঙ্গ ও স্পষ্ট চিত্র হেযবুত তাওহীদ তুলে ধরছে।

তিনি আরও বলেন, “একটি রাষ্ট্রের শান্তি-শৃঙ্খলা নির্ভর করে সেই রাষ্ট্রের গৃহীত ব্যবস্থার উপর। সিস্টেম যদি ত্রুটিপূর্ণ হয়, তবে সেখানে শান্তি আসতে পারে না। ইতিহাস সাক্ষ্য দেয়, মানবসৃষ্ট কোনো মতবাদই পৃথিবীতে শান্তি প্রতিষ্ঠা করতে পারেনি, বরং অন্যায় ও সংঘাত সৃষ্টি করেছে। একমাত্র স্রষ্টার জীবনব্যবস্থাই ন্যায়, সাম্য ও সুবিচার প্রতিষ্ঠা করতে পারে। আল্লাহর দেওয়া নীতিতেই নিহিত আছে প্রকৃত বাক-স্বাধীনতা এবং স্বচ্ছ ও মুক্ত গণমাধ্যমের অঙ্গীকার। একমাত্র ইসলামই প্রকৃত বাক-স্বাধীনতার গ্যারান্টি দিতে পারে।”

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন সভায় নৌযান শ্রমিক ফেডারেশনের বরিশাল বিভাগীয় সভাপতি শেখ আবুল হাশেম, ফেডারেশনের বরিশাল বিভাগীয় উপদেষ্টা নুরুল ইসলাম মাস্টার, ফরিদ আলম, সদস্য আরিফ হোসেন ড্রাইভার এবং এমবি শম্পা লঞ্চের মাস্টার মো. সিরাজ।