


বরিশাল জেলা হেযবুত তাওহীদের উদ্যোগে “রাষ্ট্রব্যবস্থা সংস্কারে ইসলামের ভূমিকা” শীর্ষক এক কর্মী সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। এতে জেলার বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দসহ শতাধিক কর্মী অংশগ্রহণ করেন।
শুক্রবার (১৯ সেপ্টেম্বর ২০২৫) সকালে বরিশাল জেলা হেযবুত তাওহীদের কার্যালয়ে এ কর্মী সম্মেলন অনুষ্ঠিত হয়। সম্মেলনের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হেযবুত তাওহীদ বরিশাল বিভাগের সভাপতি জনাব শফিকুল আলম উখবা। তিনি তাঁর বক্তব্যে বলেন, “বর্তমান সমাজ ও রাষ্ট্রব্যবস্থা চরম অন্যায়, দুর্নীতি ও মানবিক মূল্যবোধহীনতায় নিমজ্জিত। এর কার্যকর সমাধান একমাত্র ইসলামী আদর্শের মধ্যেই নিহিত। ইসলাম শুধু ব্যক্তিজীবনের দিকনির্দেশনা নয়, রাষ্ট্র পরিচালনার জন্যও একটি পূর্ণাঙ্গ ব্যবস্থা প্রদান করেছে। এ আদর্শ বাস্তবায়ন ছাড়া সংকট থেকে উত্তরণ সম্ভব নয়।”
তিনি আরও বলেন, “আমাদের এই সংগ্রাম কোনো রাজনৈতিক বা দলীয় আন্দোলন নয়, বরং এটি চেতনার লড়াই। কুসংস্কার, ধর্মের অপব্যাখ্যা ও অচল চিন্তাধারার বিরুদ্ধে এই জাগরণের ডাক দেওয়া হয়েছে। মানবজাতির সকলকে কালেমার পতাকার তলে ঐক্যবদ্ধ হতে হবে।”
সম্মেলনে সভাপতিত্ব করেন বরিশাল জেলা হেযবুত তাওহীদের সভাপতি লোকমান হোসেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বরিশাল বিভাগীয় হেযবুত তাওহীদের আঞ্চলিক আমির রুহুল আমিন মৃধা, ঝালকাঠি জেলা সভাপতি শাফায়েত হোসেন, পিরোজপুর জেলা সভাপতি সুমন তালুকদার এবং বরিশাল মহানগর সভাপতি নূর মোহাম্মদ আরিফ প্রমুখ।