Date: April 25, 2026

দৈনিক দেশেরপত্র

collapse
...
Home / সারাদেশ / বরিশাল / বরিশালে হেযবুত তাওহীদের উদ্যোগে শ্রমিক সমাবেশ - দৈনিক দেশেরপত্র - মানবতার কল্যাণে সত্যের প্রকাশ

বরিশালে হেযবুত তাওহীদের উদ্যোগে শ্রমিক সমাবেশ

September 29, 2025 07:44:50 PM   অনলাইন ডেস্ক
বরিশালে হেযবুত তাওহীদের উদ্যোগে শ্রমিক সমাবেশ

বরিশাল সংবাদদাতা:
বরিশাল জেলা হেযবুত তাওহীদের আয়োজনে এক বিশাল শ্রমিক সমাবেশ অনুষ্ঠিত হয়। সোমবার (২৯ সেপ্টেম্বর) সকালে সংগঠনটির বরিশাল জেলা শাখার উদ্যোগে নগরীর একটি হলরুমে এই সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে বরিশালের বিভিন্ন বেসরকারি প্রতিষ্ঠানের শতাধিক শ্রমিক অংশগ্রহণ করেন।

সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হেযবুত তাওহীদের বরিশাল বিভাগীয় আমির শফিকুল আলম উখবা। তিনি তাঁর বক্তৃতায় বলেন, "শ্রমিকদের প্রাপ্য অধিকার থেকে বঞ্চিত করে জোরপূর্বক শ্রম আদায় করা মানব ইতিহাসের অন্যতম প্রাচীন অন্যায় দাসপ্রথারই নামান্তর।" তিনি আরও বলেন, "ইতিহাসে যুগে যুগে আল্লাহর নবী-রাসূলগণই নিগৃহীত শ্রমজীবী মানুষের মুক্তির জন্য সংগ্রাম করেছেন এবং তাদের জন্য ন্যায়ভিত্তিক জীবনব্যবস্থা প্রতিষ্ঠা করেছেন।"

আধুনিক শ্রমবাজারের সমালোচনা করে তিনি বলেন, "অতীতে দাসদের ভরণপোষণের সম্পূর্ণ দায়িত্ব মালিকের থাকলেও, বর্তমানে নামমাত্র মজুরিতে শ্রমিকের শ্রম কেনা হয়, কিন্তু তাদের জীবনের কোনো দায়িত্ব নেওয়া হয় না।" ঢাকা শহরের লাখ লাখ গৃহকর্মীর উদাহরণ টেনে তিনি বলেন, "তাদের ওপর প্রতিদিন যে নির্যাতন চলে, তা নিয়ে কথা বলারও কেউ নেই। এই অবস্থার পরিবর্তন জরুরি।"

এ সময় তিনি পবিত্র কোরআন থেকে উদ্ধৃত করে বলেন, "আর আমি চেয়েছি তাদের প্রতি অনুগ্রহ করতে, যাদেরকে পৃথিবীতে দুর্বল করে রাখা হয়েছিল এবং তাদেরকে নেতৃত্ব দান করতে ও উত্তরাধিকারী করতে।" (সূরা কাসাস: ৫)
সমাবেশে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন হেযবুত তাওহীদের বরিশাল অঞ্চলের আমির মোঃ রুহুল আমিন মৃধা। শ্রমিকের পারিশ্রমিক দ্রুত পরিশোধের ওপর গুরুত্বারোপ করে তিনি হাদিসের উদ্ধৃতি দিয়ে বলেন, "শ্রমিকের ঘাম শুকিয়ে যাওয়ার আগেই তার মজুরি দিয়ে দাও। আল্লাহ বলেছেন, আমি সেই ব্যক্তির বিরুদ্ধে বিচারপ্রার্থী হবো, যে একজন শ্রমিক নিয়োগ করে তার কাজ সম্পন্ন হওয়ার পরও পারিশ্রমিক দেয় না।"

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বরিশাল মহানগরের সভাপতি নূর মোহাম্মদ আরিফ এবং জেলা কমিটির কার্যনির্বাহী সদস্য মোঃ মালেক হাওলাদারসহ অন্যান্য নেতৃবৃন্দ। সমাবেশে সভাপতিত্ব করেন হেযবুত তাওহীদের বরিশাল জেলা সভাপতি  লোকমান হোসেন।

সমাবেশ থেকে শ্রমিকদের অধিকার প্রতিষ্ঠা, সময়মতো মজুরি পরিশোধ এবং গৃহকর্মীসহ সকল শ্রমজীবীর প্রতি মানবিক আচরণ নিশ্চিত করতে সরকার ও সমাজের প্রতি আহ্বান জানানো হয়। ভবিষ্যতে শ্রমিকদের অধিকার আদায়ে বিভিন্ন কর্মসূচি চালিয়ে যাওয়ার প্রতিশ্রুতি দেন আয়োজকরা।