


বিরামপুর (দিনাজপুর) প্রতিনিধি:
দিনাজপুরের বিরামপুর উপজেলার শ্রীপুর গ্রামে দড়ি নিয়ে খেলতে গিয়ে গলায় ফাঁস লেগে দিলরুবা নামের সাড়ে তিন বছরের এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। নিহত দিলরুবা ওই গ্রামের দোলোয়ার হোসেনের একমাত্র মেয়ে।
শিশুটির বাবা দোলোয়ার হোসেন জানান, বৃহস্পতিবার (২৯ মে) বেলা ১০টার দিকে দিলরুবা বাড়ির বাইরে খেলছিল। এসময় ছাগল বাঁধার জন্য রাখা একটি ঝুলন্ত দড়িতে সে খেলা করছিল। একপর্যায়ে সেই দড়ির ফাঁসে মাথা ঢুকে গেলে গলায় ফাঁস লেগে যায়। তাৎক্ষণিকভাবে উদ্ধার করে বিরামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
ঘটনার সত্যতা নিশ্চিত করে বিরামপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মমতাজুল হক জানান, এ ঘটনায় থানায় একটি মামলা হয়েছে। শিশুটির মরদেহ ময়নাতদন্তের জন্য দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।