Date: April 21, 2026

দৈনিক দেশেরপত্র

collapse
...
Home / আন্তর্জাতিক / বুদ্ধিমান জাতির তালিকায় শীর্ষে জাপান, বাংলাদেশ কত নম্বরে? - দৈনিক দেশেরপত্র - মানবতার কল্যাণে সত্যের প্রকাশ

বুদ্ধিমান জাতির তালিকায় শীর্ষে জাপান, বাংলাদেশ কত নম্বরে?

January 10, 2026 05:42:07 PM   আন্তর্জাতিক ডেস্ক
বুদ্ধিমান জাতির তালিকায় শীর্ষে জাপান, বাংলাদেশ কত নম্বরে?

বিশ্বের বুদ্ধিমান জাতির তালিকায় আবারও শীর্ষস্থান দখল করেছে জাপান। মার্কিন গবেষণা সংস্থা ‘ওয়ার্ল্ড পপুলেশন রিভিউ’ প্রকাশিত সাম্প্রতিক এক প্রতিবেদনে দেখা গেছে, গড় ১০৬.৪৮ আইকিউ স্কোর নিয়ে সূর্যোদয়ের দেশটি বিশ্বের সবচেয়ে বুদ্ধিমান জাতির তালিকায় প্রথম স্থানে রয়েছে। এই তালিকাটি মূলত ব্রিটিশ মনোবিদ রিচার্ড লিনের দীর্ঘদিনের গবেষণা ও তথ্য বিশ্লেষণের ভিত্তিতে প্রস্তুত করা হয়েছে।

এদিকে বাংলাদেশের বুদ্ধিমত্তা বা আইকিউ নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে মাঝেমধ্যেই নানা রকম রসিকতা ও বিতর্ক দেখা গেলেও, বৈজ্ঞানিক মানদণ্ডে দেশের অবস্থান খুব একটা আশাব্যঞ্জক নয়। প্রতিবেদনের তথ্য অনুযায়ী, বিশ্বের ১৯৯টি দেশের মধ্যে বাংলাদেশ রয়েছে ১৫০তম স্থানে। দেশের মানুষের গড় আইকিউ স্কোর ধরা হয়েছে ৭৪.৩৩, যা বৈশ্বিক গড়ের তুলনায় উল্লেখযোগ্যভাবে কম।

বিশেষজ্ঞদের মতে, সাধারণভাবে মানুষের বিশ্লেষণক্ষমতা, যুক্তিভিত্তিক সিদ্ধান্ত গ্রহণের দক্ষতা এবং জটিল সমস্যা সমাধানের সামর্থ্যকে আইকিউ বা বুদ্ধিমাত্রা দিয়ে পরিমাপ করা হয়। আইকিউ স্কোর ৮৫ থেকে ১১৫-এর মধ্যে হলে স্বাভাবিক বুদ্ধিমত্তা, আর ১৬০-এর বেশি হলে ‘জিনিয়াস’ হিসেবে বিবেচনা করা হয়।

এই তালিকায় একটি চমকপ্রদ বিষয় হলো— শীর্ষ ছয়টি স্থানই দখল করে রেখেছে এশিয়ার দেশগুলো। জাপানের পরেই দ্বিতীয় স্থানে রয়েছে তাইওয়ান (১০৬.৪৭), তৃতীয় সিঙ্গাপুর (১০৫.৮৯)। এরপর যথাক্রমে হংকং, চীন ও দক্ষিণ কোরিয়া রয়েছে চতুর্থ, পঞ্চম ও ষষ্ঠ স্থানে। অন্যদিকে যুক্তরাষ্ট্র রয়েছে ২৯তম অবস্থানে, আর যুক্তরাজ্যও শীর্ষ দশে জায়গা পায়নি।

দক্ষিণ এশিয়ার দেশগুলোর তুলনামূলক অবস্থান দেখলেও বাংলাদেশের চিত্র খুব একটা ভালো নয়। ভারতের অবস্থান ১৪৩তম (আইকিউ ৭৬.৭৪), পাকিস্তান রয়েছে ১২০তম স্থানে (আইকিউ ৮০)। এমনকি দীর্ঘদিন যুদ্ধ ও দারিদ্র্যের সঙ্গে লড়াই করা আফগানিস্তানও ১০৩তম অবস্থানে থেকে বাংলাদেশের চেয়ে এগিয়ে রয়েছে। পাশাপাশি মিয়ানমার, থাইল্যান্ড ও শ্রীলঙ্কার গড় আইকিউ স্কোরও বাংলাদেশের তুলনায় উল্লেখযোগ্যভাবে বেশি।

তালিকার একেবারে নিচে রয়েছে নেপাল, যাদের গড় আইকিউ মাত্র ৪২.৯৯— যা বিশ্বে সর্বনিম্ন।

বিশেষজ্ঞরা মনে করছেন, শিক্ষা ব্যবস্থার মান, পুষ্টি, স্বাস্থ্যসেবা, সামাজিক পরিবেশ ও প্রযুক্তিগত সুযোগ— এসব বিষয় একটি দেশের গড় আইকিউ স্কোরে বড় প্রভাব ফেলে। ফলে এই তালিকাকে চূড়ান্ত সত্য হিসেবে না দেখে, বরং শিক্ষা ও মানবসম্পদ উন্নয়নের ক্ষেত্রে আত্মসমালোচনার একটি সুযোগ হিসেবে দেখা উচিত।