


বগুড়া জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মাহবুব আলম শাহিন হত্যা মামলার অন্যতম আসামি এবং যুবলীগ নেতা আমিনুল ইসলামকে পাঁচ দিনের রিমান্ডে নিয়েছে পুলিশ। শনিবার (২০ জুলাই) বগুড়ার একটি আদালত এই রিমান্ড মঞ্জুর করেন।
এর আগে শুক্রবার (১৯ জুলাই) সকালে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি) ঢাকার গুলশান এলাকার নিকেতন থেকে তাকে গ্রেপ্তার করে। আমিনুল ইসলাম বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ঘটনায় দায়ের হওয়া একাধিক মামলারও পলাতক আসামি ছিলেন।
পুলিশ জানায়, আমিনুল বগুড়া পৌরসভার ১৫ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর এবং সদর উপজেলা যুবলীগের সাবেক সহ-সভাপতি। তার বিরুদ্ধে হত্যা, চাঁদাবাজি, অপহরণ, বিস্ফোরক আইনে এবং দুর্নীতি দমন কমিশনের (দুদক) দায়ের করা মামলাসহ ২১টিরও বেশি মামলা বিচারাধীন ও তদন্তাধীন রয়েছে।
রাজনৈতিক প্রভাব খাটিয়ে তিনি রাজশাহী বিভাগীয় সড়ক পরিবহন মালিক সমিতি এবং বগুড়া জেলা বাস, মিনিবাস ও কোচ পরিবহন মালিক সমিতির সাবেক সাধারণ সম্পাদক হিসেবেও দায়িত্ব পালন করেন।
শনিবার তাকে বিস্ফোরক ও হত্যা সংক্রান্ত একটি মামলায় আদালতে হাজির করে রিমান্ডের আবেদন করা হলে বিচারক পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেন।