


ঝালকাঠি সংবাদদাতা:
ঝালকাঠির রাজাপুরে ফিলিস্তিনে গণহত্যা ও ভারতের নাগরপুরে মুসলিম নিপীড়নের প্রতিবাদে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ-রাজাপুর উপজেলা শাখার উদ্যোগে শুক্রবার সকালে এ কর্মসূচি পালন করা হয়।
সকাল ১০টায় ইসলামী ছাত্র আন্দোলনের কার্যালয় থেকে বিক্ষোভ মিছিল শুরু হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে রাজাপুর প্রেসক্লাবের সামনে সংক্ষিপ্ত বক্তব্যের মাধ্যমে শেষ হয়।
উপজেলা সভাপতি মাহমুদুল হাসানের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক বেলাল হাফসীর সঞ্চালনায় সমাবেশে বক্তব্য দেন ইসলামী আন্দোলন বাংলাদেশ ঝালকাঠি জেলা সেক্রেটারি হাফেজ ইব্রাহিম আল হাদী, ইসলামী ছাত্র আন্দোলন জেলা সহ-সভাপতি এম. আমিনুল ইসলাম, ইসলামী আন্দোলন বাংলাদেশ রাজাপুর উপজেলা সহ-সভাপতি মাওলানা ফরিদ উদ্দিন, মাওলানা আল আমিন এবং ইসলামী যুব আন্দোলন রাজাপুর উপজেলা সভাপতি কে এম ইব্রাহিম খলিল।
বক্তারা বলেন, ফিলিস্তিন ও ভারতে ইতিহাসের নিকৃষ্টতম মানবতাবিরোধী অপরাধ চলছে। সেখানে নির্বিচারে মুসলমানদের হত্যা করা হচ্ছে, অথচ বিশ্ব সম্প্রদায় নির্বিকার। তারা দ্রুত এসব হত্যাযজ্ঞ বন্ধের দাবি জানান এবং সকলকে ভারতীয় ও ইহুদি পণ্য বর্জনের আহ্বান জানান।
সমাবেশ শেষে ফিলিস্তিনের নিপীড়িত মানুষের জন্য বিশেষ দোয়া করা হয়।