Date: April 19, 2026

দৈনিক দেশেরপত্র

collapse
...
Home / সারাদেশ / ঢাকা / ফরিদপুরে হেযবুত তওহীদের সদস্যদের ওপর হামলা: গুরুতর আহত ২ - দৈনিক দেশেরপত্র - মানবতার কল্যাণে সত্যের প্রকাশ

ফরিদপুরে হেযবুত তওহীদের সদস্যদের ওপর হামলা: গুরুতর আহত ২

December 29, 2025 12:37:17 AM   স্টাফ রিপোর্টার
ফরিদপুরে হেযবুত তওহীদের সদস্যদের ওপর হামলা: গুরুতর আহত ২

নিজস্ব প্রতিবেদক, ফরিদপুর:
ফরিদপুর জেলা শহরের রাজবাড়ী মোড় ও চর কমলাপুর এলাকায় হেযবুত তওহীদের সদস্যদের ওপর হামলার ঘটনা ঘটেছে। রবিবার (২৮ ডিসেম্বর) সন্ধ্যা ৬টার দিকে এই হামলার ঘটনায় সংগঠনের অন্তত দুই জন সদস্য গুরুতর আহত হয়েছেন। আহতদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে।

স্থানীয় সূত্রে জানা যায়, রবিবার বিকেলে হেযবুত তওহীদ ফরিদপুর জেলা শাখার পক্ষ থেকে একটি রিকশায় সাউন্ড সিস্টেম বসিয়ে সংগঠনের এমাম হোসাইন মোহাম্মদ সেলিমের রেকর্ডকৃত জনসচেতনতামূলক বক্তব্য প্রচার করা হচ্ছিল। প্রচারকাজে নিয়োজিত ছিলেন মাহিদুর রহমান মৃদুল ও জিহাদ মোল্লা। রিকশাটি রাজবাড়ী রাস্তার মোড় এলাকায় পৌঁছালে ৮-১০ জন উগ্রবাদী যুবক তাদের গতিরোধ করে এবং প্রচারকাজ বন্ধ করতে বাধ্য করে। কোনো প্রকার বিশৃঙ্খলা এড়াতে হেযবুত তওহীদের সদস্যরা প্রচারণা বন্ধ করে চর কমলাপুরস্থ তাদের অফিসের দিকে ফিরে যেতে শুরু করেন।”

প্রত্যক্ষদর্শীরা জানান, রাজবাড়ী মোড়ের ওই চক্রটির উস্কানিতে রিকশাটি চর কমলাপুর জোড়া সেতু এলাকায় পৌঁছালে পূর্বের ব্যক্তিদের উস্কানিতে আরও ১০-১২ জন দেশীয় অস্ত্র ও লাঠিসোঁটা নিয়ে পুনরায় তাদের পথরোধ করে। এসময় তাদের বাঁচাতে আরও এগিয়ে এলে সন্ত্রাসীরা তাদের ওপরও হামলা চালায় এবং সাউন্ড সিস্টেম ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে। এসময় তারা হেযবুত তওহীদ সদস্যদের অকথ্য ভাষায় গালাগালি করতে থাকে। হামলায় জিহাদ মোল্লা (২৫) ও সুজন শেখ (৩০) গুরুতর আহত হন।

এ বিষয়ে হেযবুত তওহীদের কেন্দ্রীয় যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব আলম নিক্কন এক বলেন, “হেযবুত তওহীদ একটি আইনমান্যকারী ও শান্তিপ্রিয় আন্দোলন। ফরিদপুরে আমাদের কোনো সভা-সমাবেশ ছিল না, শুধুমাত্র রিকশায় সাউন্ড বক্স দিয়ে জনসচেতনতামূলক বক্তব্য প্রচার করা হচ্ছিল। এতেও যদি সন্ত্রাসীদের গাত্রদাহ হয়, তবে দেশে অরাজকতা কারা সৃষ্টি করছে তা পরিষ্কার। একটি চিহ্নিত উগ্রবাদী চক্র ধর্মকে ব্যবহার করে উস্কানি দিয়ে পরিস্থিতি ঘোলাটে করার চেষ্টা করছে।”

মাহবুব আলম নিক্কন আরও বলেন, “আমরা প্রশাসনের অনুমতি নিয়েই প্রচার চালাচ্ছিলাম। অথচ আমাদের ওপর হামলা চালিয়ে উল্টো একটি স্বার্থান্বেষী মহল ভুল তথ্য ছড়িয়ে উত্তেজনা সৃষ্টির চেষ্টা করছে।”

এদিকে রাজনৈতিক সংগঠন এনসিপি’র যুব উইং ‘জাতীয় যুব শক্তি’র পক্ষ থেকে এই ঘটনায় তাদের নেতাদের ওপর হামলার যে দাবি করা হয়েছে, তা প্রত্যাখ্যান করেছে হেযবুত তওহীদ। সংগঠনটি জানিয়েছে, এনসিপি বা অন্য কোনো রাজনৈতিক দলের সাথে তাদের কোনো বিরোধ নেই। মূলত উগ্রবাদী গোষ্ঠীটি নিজেদের অপরাধ ঢাকতে এবং রাজনৈতিক ফায়দা লুটতে বিষয়টিকে রাজনৈতিক রূপ দেওয়ার চেষ্টা করছে।

ফরিদপুরের অতিরিক্ত পুলিশ সুপার মো. আজমির হোসেন সংবাদমাধ্যমকে জানান, “ঘটনাটি আমরা শুনেছি। বিষয়টি নিয়ে কোতোয়ালি থানা পুলিশ তদন্ত করছে।”

ফরিদপুর কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শহিদুল ইসলাম বলেন, “খবর পেয়ে পুলিশের একটি দল ঘটনাস্থল পরিদর্শন করেছে। তদন্ত সাপেক্ষে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।”