


ফরিদপুরে হেযবুত তওহীদের সদস্যদের ওপর সম্পূর্ণ বিনা উস্কানিতে অতর্কিত হামলার ঘটনা ঘটেছে। এই হামলায় সংগঠনের দুইজন সদস্য গুরুতর আহত হয়েছেন। ঘটনার পর কতিপয় স্বার্থান্বেষী ও উগ্রবাদী গোষ্ঠী এই সন্ত্রাসী হামলাকে ভিন্ন খাতে প্রবাহিত করতে একে রাজনৈতিক রূপ দেওয়ার অপচেষ্টা চালাচ্ছে বলে অভিযোগ করেছে হেযবুত তওহীদ।
সংগঠনটির পক্ষ থেকে জানানো হয়, গত রবিবার (২৮ ডিসেম্বর, ২০২৫) বিকাল চারটার দিকে ফরিদপুর সদরের রাজবাড়ী রাস্তার মোড়ে হেযবুত তওহীদের দুই সদস্য মাহিদুর রহমান মৃদুল ও জিহাদ মোল্লা রিকশায় করে সংগঠনের এমাম হোসাইন মোহাম্মদ সেলিমের বক্তব্য সম্বলিত সাউন্ড প্লেয়ার বাজাচ্ছিলেন। এসময় ৮-১০ জন ধর্মীয় লেবাসধারী ব্যক্তি তাদের পথরোধ করে প্রচার বন্ধ করতে বলে। অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি এড়াতে সদস্যরা প্রচার বন্ধ করে ফিরে আসার সময় বিকাল সাড়ে চারটায় চরকমলাপুর এলাকায় পুনরায় তাদের ওপর হামলা চালানো হয়।
হামলায় জিহাদ মোল্লা (২৫) ও সুজন শেখ (৩০) নামের দুই কর্মী গুরুতর আহত হন। তাদের উদ্ধারে আসা আরও ৪-৫ জন কর্মীর ওপরও আক্রমণ চালানো হয়। আহতরা বর্তমানে চিকিৎসাধীন রয়েছেন।
হেযবুত তওহীদ এক বিবৃতিতে এই হামলার তীব্র নিন্দা জানিয়ে বলেছে, “কতিপয় লেবাসধারী ধর্মব্যবসায়ীর উস্কানিতে এই হামলা চালানো হয়েছে। হেযবুত তওহীদ একটি শান্তিপ্রিয় সংগঠন যারা দেশের আইনের প্রতি শ্রদ্ধাশীল। আমাদের নিয়মতান্ত্রিক ও শান্তিপূর্ণ প্রচার কাজে যারা বাধা দিচ্ছে, তারা মূলত ভিন্নমতের প্রতি অসহিষ্ণু এবং বাক-স্বাধীনতায় বিশ্বাসী নয়।”
হামলার ঘটনাকে রাজনৈতিক রূপ দেওয়ার অপচেষ্টার প্রতিবাদ জানিয়ে সংগঠনটি আরও উল্লেখ করে যে, বেশ কিছু গণমাধ্যমে ঘটনাটিকে “বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতাদের ওপর হামলা” হিসেবে প্রচার করা হচ্ছে, যা সম্পূর্ণ মিথ্যা ও বানোয়াট। বিবৃতিতে বলা হয়, “আমাদের কর্মীরা নিজেরাই যেখানে আক্রান্ত, সেখানে একপক্ষের কথা শুনে ঘটনার সত্যতা যাচাই না করে আক্রান্তদের হামলাকারী হিসেবে প্রচার করা হলুদ সাংবাদিকতার শামিল। হামলাকারীরা কোনো সংগঠনের সদস্য কি না, তা তাৎক্ষণিকভাবে আমাদের কর্মীদের পক্ষে জানা সম্ভব ছিল না। বিষয়টিকে জেনেশুনে সংঘর্ষ হিসেবে প্রচার করা অত্যন্ত দুঃখজনক।”
হেযবুত তওহীদের পক্ষ থেকে স্থানীয় প্রশাসন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রতি অনতিবিলম্বে ঘটনার সঠিক তদন্ত সাপেক্ষে হামলাকারী ও উস্কানিদাতাদের চিহ্নিত করে দৃষ্টান্তমূলক আইনী পদক্ষেপ গ্রহণের দাবি জানানো হয়েছে। তারা সাধারণ মানুষকে এ ধরনের অপপ্রচারে বিভ্রান্ত না হওয়ার আহ্বান জানান।