


অন্তর্বর্তী সরকারের সাবেক আইন উপদেষ্টা আসিফ নজরুল জানিয়েছেন, এখন বাংলাদেশি বৈধ পাসপোর্ট না থাকলেও বা পাসপোর্ট মেয়াদোত্তীর্ণ হয়ে গেলেও প্রবাসী বাংলাদেশিরা বিদেশ থেকে সহজেই পাওয়ার অব অ্যাটর্নি (Power of Attorney) সম্পাদন করতে পারছেন।
বুধবার (২৫ মার্চ) সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া পোস্টে তিনি বলেন, আগে বিদেশ থেকে কাউকে পাওয়ার অব অ্যাটর্নি দিতে হলে বৈধ বাংলাদেশি পাসপোর্ট থাকা বাধ্যতামূলক ছিল। এর অভাবে বহু প্রবাসী বাংলাদেশি সম্পত্তি হস্তান্তর, সেবা গ্রহণ এবং অন্যান্য আইনগত বিষয়ে সমস্যায় পড়তেন।
আসিফ নজরুল উল্লেখ করেন, এই সমস্যার সমাধানের জন্য গতবছর পাওয়ার অব অ্যাটর্নি বিধিমালায় সংশোধনী আনা হয়েছে। নতুন বিধান অনুসারে প্রবাসীরা বিদেশ থেকে পাওয়ার অব অ্যাটর্নি করার জন্য এখন শুধু ক) বিদেশি পাসপোর্টে ‘নো ভিসা রিকোয়ার্ড’ স্টিকার, খ) জন্মসনদ, বা গ) জাতীয় পরিচয় পত্র দেখালেই হবে। বাংলাদেশি বৈধ পাসপোর্ট আর বাধ্যতামূলক নয়।
এই পরিবর্তনের ফলে বিদেশে থাকা বাংলাদেশিরা তাদের সম্পত্তি হস্তান্তরসহ নানা আইনগত কাজ অনেক সহজ ও দ্রুত সম্পাদন করতে পারছেন।