


চুয়াডাঙ্গা প্রতিনিধি:
চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলার দর্শনা পৌরসভার মোবারক পাড়ায় মাইশা মেহবুব মিথিলা (১৫) নামের এক স্কুলছাত্রী আত্মহত্যা করেছে। শুক্রবার সকাল আনুমানিক ৬টার দিকে নিজ কক্ষে সিলিং ফ্যানের সাথে গলায় ফাঁস দিয়ে সে এই চরম পথ বেছে নেয়।
মাইশা দর্শনা মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের নবম শ্রেণির ছাত্রী ছিল। সে মোবারক পাড়ার বাসিন্দা মিথুনের বড় মেয়ে। পারিবারিক সূত্রে জানা গেছে, দীর্ঘদিন ধরে তার বাবা-মায়ের মধ্যে পারিবারিক কলহ ও দূরত্ব চলছিল। তার মা বর্তমানে ঠাকুরগাঁওয়ে বাবার বাড়িতে অবস্থান করছেন।
পরিবারের এমন টালমাটাল পরিস্থিতির কারণে মাইশা মানসিকভাবে ভেঙে পড়েছিল এবং প্রায়ই দুশ্চিন্তায় থাকত। স্বজনদের ধারণা, বাবা-মায়ের ঝগড়া ও দূরত্বের ধরণ দেখে সে প্রচণ্ড মানসিক কষ্টে ভুগছিল। সেই মানসিক যন্ত্রণা সহ্য করতে না পেরেই সে এই সিদ্ধান্ত নিতে পারে বলে তারা মনে করছেন।
এই ঘটনায় পুরো এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। দর্শনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। মরদেহ ময়নাতদন্তের জন্য চুয়াডাঙ্গা সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এই বিষয়ে কোনো লিখিত অভিযোগ পাওয়া গেলে পরবর্তীতে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলেও তিনি জানান।