


নারায়ণগঞ্জ-৩ আসনের সিদ্ধিরগঞ্জে একটি ভোটকেন্দ্রে জামায়াতের এক নেতা প্রবেশ করে ব্যালটে সিল মারছেন—এমন অভিযোগকে কেন্দ্র করে কেন্দ্রের বাইরে হট্টগোলের ঘটনা ঘটেছে। পরে সেনাবাহিনী ও পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
বুধবার (১১ ফেব্রুয়ারি) সন্ধ্যা ৭টার দিকে উপজেলার ৮ নম্বর ওয়ার্ডের ধনকুন্ডা পপুলার হাইস্কুল ভোটকেন্দ্রে এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, বিএনপির নেতাকর্মীরা কেন্দ্রের বাইরে জড়ো হয়ে অভিযোগ করেন, কেন্দ্রের ভেতরে জামায়াতের এক নেতা ব্যালট পেপারে সিল মারছেন। এ খবর ছড়িয়ে পড়লে তারা কেন্দ্রের ভেতরে প্রবেশ করতে চাইলে তুমুল হট্টগোল সৃষ্টি হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে সেনাবাহিনী ও পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি স্বাভাবিক করে।
এ বিষয়ে নারায়ণগঞ্জের রিটার্নিং কর্মকর্তা শাহিনা ইসলাম চৌধুরী বলেন, ভোটকেন্দ্রের কর্মকর্তা নিয়োগে নির্ধারিত সব নিয়ম মেনেই মাওলানা বশির উল্লাহকে দায়িত্ব দেওয়া হয়েছে। তিনি একটি স্কুলের প্রধান শিক্ষক এবং তার সঙ্গে কোনো রাজনৈতিক দলের সম্পৃক্ততার প্রমাণ পাওয়া যায়নি। তবে কেউ কেউ অভিযোগ করছেন, তিনি জামায়াতে ইসলামীর রাজনীতির সঙ্গে যুক্ত।
তিনি আরও জানান, কেন্দ্রের ব্যালট পেপার অক্ষত অবস্থায় পাওয়া গেছে এবং কেন্দ্রের ভেতরে নিয়ম অনুযায়ী দায়িত্ব পালনই করা হচ্ছিল। বর্তমানে তিনি তার দায়িত্বে বহাল আছেন।
সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মুহাম্মদ আব্দুল বারিক বলেন, জামায়াত নেতাদের মতো দেখতে একজন কেন্দ্রের কর্মকর্তা ভেতরে প্রবেশ করলে বাইরে গুজব ছড়িয়ে পড়ে। এতে কেন্দ্রের বাইরে হট্টগোল তৈরি হয়। তবে এ সময় সিল মারা কোনো ব্যালট পাওয়া যায়নি বলে তিনি জানান।