Date: April 19, 2026

দৈনিক দেশেরপত্র

collapse
...
Home / বিনোদন / নামাজে বসলেই চোখের সামনে ভেসে ওঠে মক্কা-মদিনার দৃশ্য - দৈনিক দেশেরপত্র - মানবতার কল্যাণে সত্যের প্রকাশ

নামাজে বসলেই চোখের সামনে ভেসে ওঠে মক্কা-মদিনার দৃশ্য

February 27, 2026 12:20:10 PM   বিনোদন ডেস্ক
নামাজে বসলেই চোখের সামনে ভেসে ওঠে মক্কা-মদিনার দৃশ্য

অভিনেত্রী ফারিণ খান শবে বরাতে পবিত্রভূমি সৌদি আরব যান এবং ওমরাহ পালন করেন। মক্কা-মদিনায় যাত্রা শেষে দেশে ফেরার পরও তিনি অনুভব করছেন সেই পবিত্র স্থানের অভিজ্ঞতার রেশ। নামাজে বসলেই চোখের সামনে ভেসে ওঠে মক্কা-মদিনার সৌন্দর্য ও পবিত্র মসজিদগুলো।

ফারিণ জানান, গত ছয় মাস ধরে তিনি নিয়মিত পাঁচ ওয়াক্ত নামাজ আদায় করছেন। বিদেশে ঘুরতে যাওয়ার ইচ্ছে জাগলেও তিনি মক্কা-মদিনাকে প্রাধান্য দিয়েছেন। তিনি বলেন, “আল্লাহর ঘর, পৃথিবীর সবচেয়ে দামি জায়গা। এত বড় সুযোগ মিস করব কেন?” সৌদি আরবের ১০ দিনে তিনি পাঁচবার ওমরা করেছেন এবং মদিনার প্রতিটি মসজিদে নামাজ পড়ার চেষ্টা করেছেন। মক্কায় হারাম শরীফ থেকে শুরু করে আয়েশা মসজিদ (তানঈম মসজিদ) পর্যন্ত যতগুলো মসজিদে সম্ভব নামাজ পড়ার সুযোগ পেয়েছেন।

ফারিণের জন্য শবে বরাতের দিনটি বিশেষ স্মরণীয় হয়ে আছে। তিনি জানান, নামাজে বসলেই চোখে শুধু মক্কা-মদিনার দৃশ্য ভেসে ওঠে, শুটিংয়ের চিন্তা কমে যায় এবং ধর্মীয় আবেগ তাকে পুরোপুরি মুগ্ধ করে। হজ বা ওমরায় যাওয়া মুসল্লিদের স্বপ্ন থাকে হাজরে আসওয়াদ চুম্বন করার। ফারিণ সৌভাগ্যবান যে তৃতীয় দিনে তিনি হাজরে আসওয়াদে চুম্বন করতে পেরেছেন, সেখানে ৩০–৪০ সেকেন্ড অবস্থান করে আল্লাহর কাছে দোয়া করেছেন। তিনি বলেন, “মনে হয়েছে, জীবনে যদি কোনো অর্জন থাকে, তা হলো হাজরে আসওয়াদ চুম্বন।”

ছোটবেলা থেকেই ফারিণ তাঁর কাছের মানুষদের ভালোবাসেন এবং হারাতে চান না। ওমরাহ চলাকালীন মোনাজাতে তিনি বাবা-মা সহ প্রিয়জনদের জন্য বিশেষ দোয়া করেছেন। তিনি চেয়েছেন, তার পরিবার ও সবার জীবন সুখময় হোক।

ফারিণের ওমরাহ সফরের পর দেশে ফেরার সঙ্গে সঙ্গে ঈদের প্রস্তুতি শুরু হয়েছে। ব্যস্ততার মধ্যে তিনি টেলিভিশনের কাজ করেছেন এবং এখন পুরোদমে লাইট-ক্যামেরার নিয়মিত কাজে ফিরে গেছেন। পবিত্রভূমির অভিজ্ঞতা এবং আধ্যাত্মিক অনুভূতি এখনও তার মনকে প্রভাবিত করছে, যা তার ধর্মীয় ও ব্যক্তিগত জীবনে গভীর ছাপ ফেলেছে।