Date: April 21, 2026

দৈনিক দেশেরপত্র

collapse
...
Home / রাজধানী / দেশসেরা ৫০০ কওমি আলেমকে সংবর্ধনা দিল আস-সুন্নাহ ফাউন্ডেশন - দৈনিক দেশেরপত্র - মানবতার কল্যাণে সত্যের প্রকাশ

দেশসেরা ৫০০ কওমি আলেমকে সংবর্ধনা দিল আস-সুন্নাহ ফাউন্ডেশন

April 19, 2026 12:50:40 PM   অনলাইন ডেস্ক
দেশসেরা ৫০০ কওমি আলেমকে সংবর্ধনা দিল আস-সুন্নাহ ফাউন্ডেশন

কওমি মাদরাসার দাওরায়ে হাদিস (মাস্টার্স সমমান) পরীক্ষায় অসাধারণ ফলাফল অর্জনকারী দেশসেরা ৫০০ শিক্ষার্থীকে সংবর্ধনা ও পুরস্কার দিয়েছে আস-সুন্নাহ ফাউন্ডেশন। রাজধানীর আফতাবনগরে আয়োজিত এই অনুষ্ঠানে শিক্ষার্থীদের মেধার স্বীকৃতি হিসেবে দেওয়া হয় নগদ অর্থ, ওমরাহসহ বিভিন্ন উপহার। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ফাউন্ডেশনের চেয়ারম্যান শায়খ আহমাদুল্লাহ

আস-সুন্নাহ ফাউন্ডেশন অডিটোরিয়ামে শুক্রবার (১৭ এপ্রিল) অনুষ্ঠিত হয় ‘কওমি কৃতি শিক্ষার্থী সংবর্ধনা-২০২৬’। এতে কওমি মাদরাসার শীর্ষস্থানীয় আলেম ও শিক্ষার্থীদের উপস্থিতিতে পুরো অনুষ্ঠানটি এক গৌরবময় পরিবেশে সম্পন্ন হয়।

অনুষ্ঠানে শায়খ আহমাদুল্লাহ বলেন, কওমি মাদরাসার শিক্ষার্থীরা শুধু ধর্মীয় জ্ঞানচর্চায় নয়, বরং সমাজের নৈতিক ভিত্তি গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। তাঁর মতে, এই মেধাবী শিক্ষার্থীদের যথাযথ মূল্যায়ন করা হলে তারা ভবিষ্যতে ইসলাম ও মানবতার কল্যাণে বড় অবদান রাখতে সক্ষম হবে।

তিনি আরও বলেন, বর্তমান সময়ে শুধু জ্ঞান অর্জন নয়, চরিত্র গঠনও অত্যন্ত জরুরি। কওমি শিক্ষার্থীদের উদ্দেশে তিনি আহ্বান জানান, তারা যেন কোরআন ও সুন্নাহর আলোকে নিজেদের গড়ে তুলে সমাজে সঠিক দিকনির্দেশনা দিতে পারে।

শনিবার (১৮ এপ্রিল) তিনি নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে এই আয়োজন নিয়ে একটি দীর্ঘ পোস্টও দেন। সেখানে তিনি সংবর্ধনা অনুষ্ঠানকে “সুবাসিত ৫০০ শুভ্র ফুল একসঙ্গে ফুটে ওঠার” সঙ্গে তুলনা করেন এবং এটিকে আস-সুন্নাহ ফাউন্ডেশনের একটি সফল আয়োজন হিসেবে উল্লেখ করেন।

আয়োজকদের তথ্য অনুযায়ী, আল হাইয়াতুল উলইয়া লিল জামিয়াতিল কওমিয়ার অধীনে অনুষ্ঠিত দাওরায়ে হাদিস পরীক্ষায় ‘সিরিয়াল’ ও ‘মুমতাজ’ প্রাপ্ত শিক্ষার্থীদের মধ্য থেকে মোট ৫০০ জনকে নির্বাচিত করে এই সংবর্ধনা দেওয়া হয়। এর মধ্যে ১১১ জন সিরিয়াল প্রাপ্ত এবং ১,৫৭৫ জন মুমতাজ প্রাপ্ত শিক্ষার্থীর মধ্য থেকে আবেদনকারীদের সর্বোচ্চ নম্বরের ভিত্তিতে এই তালিকা চূড়ান্ত করা হয়।

অনুষ্ঠানে আরও জানানো হয়, নির্বাচিত শিক্ষার্থীদের জন্য বরাদ্দ ছিল চারটি ওমরাহ প্যাকেজসহ প্রায় ৪৫ লাখ টাকার সমমূল্যের পুরস্কার।

এছাড়া অনুষ্ঠানে দেশের শীর্ষস্থানীয় আলেম ও শিক্ষাবিদরা উপস্থিত ছিলেন। তাদের মধ্যে ছিলেন বায়তুল মোকাররমের খতিব মাওলানা আবদুল মালেক, মাওলানা আবুল বাশার মুহাম্মাদ সাইফুল ইসলাম, সাবেক অধ্যাপক ড. এ.বি.এম হিজবুল্লাহ, বেফাক মহাসচিব মাওলানা মাহফুজুল হকসহ আরও অনেকে।

অনুষ্ঠান শেষে প্রত্যেক শিক্ষার্থীর হাতে তুলে দেওয়া হয় বিশেষ পুরস্কার। এর মধ্যে ছিল কিতাব কেনার ভাউচার, লোগো খচিত টেবিল ঘড়ি এবং আদ-দ্বীন হেলথ কার্ড।

আয়োজকরা মনে করেন, এই ধরনের সংবর্ধনা কওমি শিক্ষার্থীদের মেধার স্বীকৃতি দেওয়ার পাশাপাশি তাদের উচ্চতর গবেষণা ও ভবিষ্যৎ নেতৃত্ব গঠনে নতুন দিগন্ত উন্মোচন করবে।