Date: May 15, 2026

দৈনিক দেশেরপত্র

collapse
...
Home / সারাদেশ / রাজশাহী / দরজা ভেঙে বের করতে হবে ৩০ মণের বুলেট, কোরবানির হাটে তোলপাড়! - দৈনিক দেশেরপত্র - মানবতার কল্যাণে সত্যের প্রকাশ

দরজা ভেঙে বের করতে হবে ৩০ মণের বুলেট, কোরবানির হাটে তোলপাড়!

May 15, 2026 03:43:26 PM   অনলাইন ডেস্ক
দরজা ভেঙে বের করতে হবে ৩০ মণের বুলেট, কোরবানির হাটে তোলপাড়!

বগুড়ার গাবতলী উপজেলায় এবার কোরবানির ঈদ সামনে রেখে আলোচনায় এসেছে বিশাল আকৃতির একটি গরু, যার নাম রাখা হয়েছে ‘বুলেট’। প্রায় ৩০ মণ ওজনের এই হলস্টেইন ফ্রিজিয়ান জাতের গরুটিকে ঘিরে এলাকায় ব্যাপক কৌতূহল তৈরি হয়েছে। খামারির দাবি অনুযায়ী, গরুটির বর্তমান বাজারমূল্য প্রায় ২০ লাখ টাকা। সবচেয়ে আলোচিত বিষয় হলো-গরুটি এতটাই বড় যে বিক্রি হলে সেটিকে বের করতে খামারের ঘরের দরজা ভেঙে ফেলতে হবে।

বগুড়ার গাবতলী উপজেলার দক্ষিণপাড়া ইউনিয়নের উজগ্রাম গ্রামের খামারি মো. তারেক রহমান দীর্ঘদিন প্রবাসে থাকার পর দেশে ফিরে কৃষিকাজের পাশাপাশি গরু পালন শুরু করেন। প্রায় ৩৪ মাস আগে তার খামারের একটি গাভী থেকে জন্ম নেয় এই বাছুরটি। জন্মের পর থেকেই আকারে বড় এবং ভিন্ন বৈশিষ্ট্যের হওয়ায় শখ করে এর নাম রাখা হয় ‘বুলেট’। সময়ের সঙ্গে সঙ্গে এটি এখন জেলার সবচেয়ে বড় কোরবানির গরু হিসেবে পরিচিতি পেয়েছে।

খামার মালিক তারেক রহমান জানান, বড় গরু পালনের অনুপ্রেরণা তিনি পেয়েছিলেন টেলিভিশনে প্রচারিত একটি খামারের প্রতিবেদন দেখে। সেই থেকেই স্বপ্ন ছিল একটি বিশাল গরু বড় করার। তিনি বলেন, বুলেটকে তিনি নিজের সন্তানের মতো যত্ন করে বড় করেছেন। কোনো ধরনের মোটাতাজাকরণ ইনজেকশন বা ক্ষতিকর ওষুধ ব্যবহার করা হয়নি। বরং সম্পূর্ণ প্রাকৃতিক খাবার ও নিয়মিত পরিচর্যার মাধ্যমে গরুটিকে বড় করা হয়েছে।

খামার সূত্রে জানা যায়, বুলেটের ওজন প্রায় ১ হাজার ২০০ কেজি (প্রায় ৩০ মণ)। প্রতিদিন সকাল ও বিকেলে নির্দিষ্ট সময় অনুযায়ী খাবার দেওয়া হয়। এর খাদ্যতালিকায় রয়েছে ধান, গম, ভুট্টা, সয়াবিনের খইল, কালোজিরা, ভুসিসহ মোট ১২ ধরনের উপাদান। পাশাপাশি নিয়মিত ঘাস ও খড়ও খাওয়ানো হয়। প্রতিদিন শুধু খাবারেই খরচ হয় প্রায় ৬০০ থেকে ৮০০ টাকা। স্বাস্থ্য ঠিক রাখতে নিয়মিত গোসল ও কৃমিনাশক ব্যবস্থাও করা হয়।

স্থানীয়রা জানান, এমন বিশাল আকৃতির গরু এলাকায় আগে কখনো দেখা যায়নি। প্রতিদিনই আশপাশের বিভিন্ন এলাকা থেকে মানুষ খামারে এসে গরুটি দেখতে ভিড় করছেন। ঈদকে ঘিরে বুলেট এখন স্থানীয়ভাবে আলোচনার প্রধান আকর্ষণে পরিণত হয়েছে।

খামারি আরও জানান, বুলেট যে ঘরে রাখা হয়েছে, জন্মের পর থেকেই সেটি সেখানেই রয়েছে। গরুটির আকার এতটাই বড় হয়ে গেছে যে ঘরের দরজা দিয়ে বাইরে বের করা সম্ভব নয়। তাই বিক্রির সিদ্ধান্ত হলে ঘরের দরজা ভেঙেই গরুটিকে বের করতে হবে।

একই ঘরে আরও একটি বড় গরু রয়েছে, যার নাম ‘কালু’। প্রায় ৮৫০ কেজি ওজনের এই গরুটির দাম চাওয়া হচ্ছে প্রায় ১৫ লাখ টাকা। দুটি গরুই এবারের কোরবানির বাজারে বড় আকর্ষণ হিসেবে বিবেচিত হচ্ছে।

গাবতলী উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. রাশেদুল ইসলাম জানান, প্রাকৃতিক খাদ্য ব্যবহারের মাধ্যমে গরু লালন-পালন এবং নিয়মিত স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে খামারিদের উৎসাহ দেওয়া হচ্ছে। এতে পশু সুস্থ থাকে এবং নিরাপদভাবে মোটাতাজাকরণ সম্ভব হয়।