


সুনামগঞ্জ প্রতিনিধি:
সুনামগঞ্জের দিরাই উপজেলায় গ্রেপ্তারি পরোয়ানাভুক্ত এক আসামিকে গ্রেপ্তারের পর পুলিশের ওপর হামলা চালিয়ে তাকে ছিনিয়ে নেওয়ার ঘটনা ঘটেছে। সোমবার (১৬ ফেব্রুয়ারি) দুপুরে উপজেলার জগদল ইউনিয়নের হোসেনপুর গ্রামে এ ঘটনা ঘটে।
ছিনিয়ে নেওয়া আসামির নাম সাজ্জাদ মিয়া। তিনি ওই গ্রামের বাসিন্দা এবং দীর্ঘদিন ধরে পলাতক ছিলেন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সাজ্জাদ মিয়ার বিরুদ্ধে আদালতের গ্রেপ্তারি পরোয়ানা ছিল। সোমবার দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে দিরাই থানা পুলিশের একটি দল অভিযান চালিয়ে নিজ বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করে। পরে তাকে থানায় নিয়ে আসার পথে গ্রামের রাস্তায় আসামির স্বজন ও স্থানীয় কিছু লোকজন পুলিশের গাড়ির গতিরোধ করে। একপর্যায়ে তারা পুলিশের ওপর অতর্কিত হামলা চালায় এবং ধস্তাধস্তি করে সাজ্জাদ মিয়াকে ছিনিয়ে নিয়ে যায়।
এ বিষয়ে দিরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এনামুল হক চৌধুরী ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, “আসামি সাজ্জাদকে গ্রেপ্তার করে নিয়ে আসার সময় তার স্বজনরা পুলিশের ওপর চড়াও হয়ে তাকে ছিনিয়ে নেয়। সরকারি কাজে বাধা প্রদান ও পুলিশের ওপর হামলার ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে। ছিনতাই হওয়া আসামিকে পুনরায় গ্রেপ্তারে পুলিশি অভিযান অব্যাহত রয়েছে।”