Date: April 19, 2026

দৈনিক দেশেরপত্র

collapse
...
Home / আন্তর্জাতিক / দুবাইয়ে ক্ষেপণাস্ত্র হামলার ভিডিও করায় ব্রিটিশ পর্যটক গ্রেপ্তার - দৈনিক দেশেরপত্র - মানবতার কল্যাণে সত্যের প্রকাশ

দুবাইয়ে ক্ষেপণাস্ত্র হামলার ভিডিও করায় ব্রিটিশ পর্যটক গ্রেপ্তার

March 11, 2026 02:27:50 PM   আন্তর্জাতিক ডেস্ক
দুবাইয়ে ক্ষেপণাস্ত্র হামলার ভিডিও করায় ব্রিটিশ পর্যটক গ্রেপ্তার

সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ে চলমান যুদ্ধ পরিস্থিতিতে ক্ষেপণাস্ত্র হামলার ভিডিও ধারণের অভিযোগে এক ব্রিটিশ পর্যটককে গ্রেপ্তার করা হয়েছে। স্থানীয় কর্তৃপক্ষ সতর্ক করে বলেছেন, আঞ্চলিক সংঘাত বা সরকারি নিরাপত্তা সংক্রান্ত ছবি বা ভিডিও সামাজিক মাধ্যমে পোস্ট করলে কঠোর আইনি ব্যবস্থা নেওয়া হবে।

সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ে সোমবার (৯ মার্চ) স্থানীয় সময় ৬০ বছর বয়সী ওই ব্রিটিশ নাগরিককে গ্রেপ্তার করা হয়। তিনি বর্তমানে ‘বার দুবাই’ পুলিশ স্টেশনে আটক রয়েছেন। স্থানীয় সংবাদমাধ্যম দ্য টেলিগ্রাফের প্রতিবেদনে বলা হয়েছে, ইরান ও ইসরায়েলের চলমান যুদ্ধের প্রেক্ষাপটে দুবাইয়ের ক্ষেপণাস্ত্র হামলা এবং প্রতিরক্ষা ব্যবস্থার ইন্টারসেপশনের দৃশ্য মোবাইল ফোনে ধারণ করার সময় তাকে হেফাজতে নেওয়া হয়।

সংযুক্ত আরব আমিরাত কর্তৃপক্ষ ইতোমধ্যেই পর্যটক এবং প্রবাসীদের সতর্ক করেছে, আঞ্চলিক সংঘাত, সরকারি নীতি বা নিরাপত্তা সংক্রান্ত কোনো ছবি বা ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট করলে কঠোর শাস্তি বা জরিমানা হতে পারে। এই দেশের সাইবার অপরাধ আইন অত্যন্ত কঠোর। রাষ্ট্রের ভাবমূর্তিতে ক্ষতি বা জননিরাপত্তার ক্ষুণ্ণ হলে সর্বোচ্চ ৭৭ হাজার মার্কিন ডলার (প্রায় ৮৫ লাখ টাকা) জরিমানা অথবা দুই বছরের জেল হতে পারে।

মানবাধিকার সংস্থা ‘ডিটেইনড ইন দুবাই’ জানিয়েছে, তারা গ্রেপ্তার ব্যক্তির পরিবারের সঙ্গে যোগাযোগ রাখছেন। সংস্থা বলেছে, বর্তমানে দুবাই কর্তৃপক্ষ বিদেশি নাগরিকদের ছবি তুলার বিষয়ে অত্যন্ত সংবেদনশীল। বিশেষ করে সরকারি ভবন বা সংবেদনশীল স্থাপনার আশেপাশে ছবি তুললে তাদের ‘ইরানি চর’ হিসেবে সন্দেহ করা হচ্ছে। কর্তৃপক্ষ চায় না যে যুদ্ধের ছবি ছড়িয়ে পড়ে দুবাইয়ের পর্যটন বা নিরাপদ ভাবমূর্তির ওপর দীর্ঘমেয়াদী নেতিবাচক প্রভাব ফেলে।

গ্রেপ্তার ব্যক্তির বিরুদ্ধে এখনও আনুষ্ঠানিক কোনো অভিযোগ আনা হয়নি। তবে দোষী সাব্যস্ত হলে সাইবার অপরাধ আইনে তার দুই বছরের জেল হতে পারে। জানা গেছে, তিনি লন্ডনের বাসিন্দা এবং দুবাইয়ে ছুটিতে ছিলেন।

এদিকে যুক্তরাজ্যের পররাষ্ট্র দপ্তর মধ্যপ্রাচ্যে অপ্রয়োজনীয় ভ্রমণ এড়িয়ে চলার পরামর্শ দিয়েছে। বর্তমানে প্রায় ১৪ হাজার ব্রিটিশ নাগরিক সংযুক্ত আরব আমিরাত থেকে ফিরে আসার জন্য সরকারের সঙ্গে যোগাযোগ করেছেন।