Date: April 25, 2026

দৈনিক দেশেরপত্র

collapse
...
Home / সারাদেশ / চট্টগ্রাম / তারেক রহমানের ৬১তম জন্মদিনে কুমিল্লা-৬ আসনের মসজিদে মসজিদে দোয়া ও মিলাদ - দৈনিক দেশেরপত্র - মানবতার কল্যাণে সত্যের প্রকা...

তারেক রহমানের ৬১তম জন্মদিনে কুমিল্লা-৬ আসনের মসজিদে মসজিদে দোয়া ও মিলাদ

November 21, 2025 06:37:23 PM   জেলা প্রতিনিধি
তারেক রহমানের ৬১তম জন্মদিনে কুমিল্লা-৬ আসনের মসজিদে মসজিদে দোয়া ও মিলাদ

বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ৬১তম জন্মদিন উপলক্ষে কুমিল্লা-৬ (আদর্শ সদর, সদর দক্ষিণ ও মহানগর) আসনের বিভিন্ন মসজিদে বিশেষ দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার জুমার নামাজের পর তারেক রহমানের সুস্বাস্থ্য, দীর্ঘায়ু ও সার্বিক মঙ্গল কামনায় এ আয়োজন করা হয়।

নগরীর কান্দিরপাড় কেন্দ্রীয় জামে মসজিদ, ঠাকুরপাড়া, চৌধুরীপাড়া, টমছমব্রিজ, চকবাজার, চর্থা ও ঝাউতলাসহ মহানগরের প্রায় প্রতিটি ওয়ার্ডের মসজিদে এ কর্মসূচি পালিত হয়। একই সঙ্গে আদর্শ সদর ও সদর দক্ষিণ উপজেলার ইউনিয়ন পর্যায়ের মসজিদগুলোতেও দোয়া মাহফিলের আয়োজন করা হয়।

কান্দিরপাড় কেন্দ্রীয় জামে মসজিদে অনুষ্ঠিত দোয়া মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও সাবেক সংসদ সদস্য হাজী আমিন উর রশিদ ইয়াছিন।

এ সময় আরও উপস্থিত ছিলেন কুমিল্লা মহানগর বিএনপির সাধারণ সম্পাদক ইউসুফ মোল্লা টিপু, আদর্শ সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক শফিউল আলম রায়হান, কুমিল্লা দক্ষিণ জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক সৈয়দ মেরাজ, বীরচন্দ্র নগর পাঠাগারের সদস্য সচিব সাজ্জাদুল কবির সাজ্জাদ, মহানগর স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব এ কে এম শাহেদ পান্না, কুমিল্লা দক্ষিণ জেলা যুবদলের সদস্য সচিব ফরিদ উদ্দিন শিবলু, সিনিয়র যুগ্ম আহ্বায়ক খলিলুর রহমান বিপ্লব, যুগ্ম আহ্বায়ক সালমান সাঈদ, মহানগর ছাত্রদলের সাবেক সভাপতি ফখরুল ইসলাম মিঠু, বর্তমান সভাপতি নাহিদ রানা ও জেলা ছাত্রদলের সভাপতি কাজী জুবায়ের আলম জিলানী। এ ছাড়া বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের বিপুল সংখ্যক নেতাকর্মী এতে অংশ নেন।

মোনাজাতে মহান স্বাধীনতার ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের রুহের মাগফিরাত কামনা করা হয়। পাশাপাশি বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সুস্থতা ও দীর্ঘায়ু এবং ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সুস্বাস্থ্য ও সাফল্য কামনা করে বিশেষ প্রার্থনা করা হয়। দল ও অঙ্গসংগঠনের সকল নেতাকর্মীর জন্যও মঙ্গল কামনা করা হয়।

দোয়া মাহফিলে স্থানীয় ব্যবসায়ী, সামাজিক ও পেশাজীবী সংগঠনের প্রতিনিধি, তরুণ সমাজ এবং ধর্মপ্রাণ সাধারণ মুসল্লিরা স্বতঃস্ফূর্তভাবে অংশ নেন।