Date: April 19, 2026

দৈনিক দেশেরপত্র

collapse
...
Home / সারাদেশ / ময়মনসিংহ / তারেক রহমানের আগমনে উৎসবমুখর টাঙ্গাইল: টুকুর মন্তব্য - দৈনিক দেশেরপত্র - মানবতার কল্যাণে সত্যের প্রকাশ

তারেক রহমানের আগমনে উৎসবমুখর টাঙ্গাইল: টুকুর মন্তব্য

January 08, 2026 07:36:13 PM   অনলাইন ডেস্ক
তারেক রহমানের আগমনে উৎসবমুখর টাঙ্গাইল: টুকুর মন্তব্য

বিএনপির কেন্দ্রীয় প্রচার সম্পাদক ও টাঙ্গাইল-৫ (সদর) আসনের দলীয় এমপি প্রার্থী সুলতান সালাউদ্দিন টুকু জানিয়েছেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান প্রথমবারের মতো টাঙ্গাইলে আসবেন। তাঁর আগমনকে ঘিরে জেলায় ঈদের মতো উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে।

টুকু বলেন, আগামী ১১ জানুয়ারি বগুড়ায় যাওয়ার পথে তারেক রহমান মজলুম জননেতা মওলানা আবদুল হামিদ খান ভাসানীর কবর জিয়ারত ও দোয়া মাহফিলে অংশ নেবেন। তিনি বলেন, “আমরা সৌভাগ্যবান যে তাঁর রাজনৈতিক সফরের সূচনা টাঙ্গাইল থেকে হচ্ছে এবং তা আবার ভাসানীর কবর জিয়ারতের মধ্য দিয়ে।”

বৃহস্পতিবার (৮ জানুয়ারি) দুপুরে টাঙ্গাইল সদর উপজেলার সন্তোষে মওলানা আবদুল হামিদ খান ভাসানীর মাজার প্রাঙ্গণে অনুষ্ঠানের প্রস্তুতি পরিদর্শন শেষে টুকু এসব কথা বলেন। তিনি আরও জানান, মওলানা ভাসানী কাগমারী সম্মেলনের মাধ্যমে স্বাধীনতার আন্দোলনের বীজ রোপণ করেছিলেন। পরবর্তীতে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান স্বাধীনতার ঘোষণা দেন। এছাড়া শহীদ জিয়াউর রহমান ও বেগম খালেদা জিয়া উভয়েই এই মাজার জিয়ারত করেছেন। সেই ধারাবাহিকতায় এবার তারেক রহমানও মওলানা ভাসানীর কবর জিয়ারত করতে টাঙ্গাইলে আসছেন।

টুকু জানান, তারেক রহমানকে স্বাগত জানাতে দল-মত-নির্বিশেষে সব শ্রেণি-পেশার মানুষ অধীর আগ্রহে অপেক্ষা করছেন। মহাসড়কের টাঙ্গাইল অংশের মির্জাপুর এলাকা থেকে তাঁকে স্বাগত জানাতে প্রস্তুতি নেওয়া হয়েছে। রাস্তার দুই পাশে দাঁড়িয়ে টাঙ্গাইলবাসী তাঁকে অভ্যর্থনা জানাবেন।

এ সময় উপস্থিত ছিলেন জেলা বিএনপির সাবেক সদস্য সচিব মাহমুদুল হক সানু, মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের সভাপতি সাগর আহমেদ ও সাধারণ সম্পাদক সাজিদ ইসলাম দিপুসহ দলের অন্যান্য নেতাকর্মীরা।