Date: April 21, 2026

দৈনিক দেশেরপত্র

collapse
...
Home / সারাদেশ / সিলেট / তিন বাসের মুখোমুখি সংঘর্ষে প্রাণ গেল ২ জনের - দৈনিক দেশেরপত্র - মানবতার কল্যাণে সত্যের প্রকাশ

তিন বাসের মুখোমুখি সংঘর্ষে প্রাণ গেল ২ জনের

January 17, 2026 10:27:03 AM   অনলাইন ডেস্ক
তিন বাসের মুখোমুখি সংঘর্ষে প্রাণ গেল ২ জনের

ঢাকা–সিলেট মহাসড়কে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় দুই বাসযাত্রী নিহত হয়েছেন এবং আহত হয়েছেন অন্তত ১০ জন।

সিলেটের ওসমানীনগরে তিনটি বাসের মুখোমুখি সংঘর্ষে এ হতাহতের ঘটনা ঘটে। শনিবার (১৭ জানুয়ারি) সকাল ৭টার দিকে ঢাকা–সিলেট মহাসড়কের ওসমানীনগর এলাকায় দুর্ঘটনাটি ঘটে বলে পুলিশ নিশ্চিত করেছে।

পুলিশ জানায়, সকালে সিলেট থেকে ঢাকাগামী এনা পরিবহন ও ইউনিক পরিবহনের একটি বাসের সঙ্গে বিপরীত দিক থেকে আসা গাইবান্ধা থেকে সিলেটগামী শ্যামলী পরিবহনের বাসের মুখোমুখি সংঘর্ষ হয়। সংঘর্ষটি এতটাই ভয়াবহ ছিল যে ঘটনাস্থলেই দুইজনের মৃত্যু হয় এবং আরও অন্তত ১০ জন গুরুতর আহত হন।

দুর্ঘটনার খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা ও স্থানীয় লোকজন দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আহত ও নিহতদের উদ্ধার করেন। আহতদের সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে, যেখানে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে। তবে নিহতদের পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

ওসমানীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনায়েম মিয়া গণমাধ্যমকে জানান, দুর্ঘটনার পর কিছু সময় যান চলাচলে বিঘ্ন ঘটলেও বর্তমানে ঢাকা–সিলেট মহাসড়কে যানবাহন চলাচল স্বাভাবিক রয়েছে। দুর্ঘটনার কারণ খতিয়ে দেখা হচ্ছে বলে তিনি জানান।