Date: April 19, 2026

দৈনিক দেশেরপত্র

collapse
...
Home / সারাদেশ / রংপুর / ডোমারে সারজিস আলমের নেতৃত্বে এনসিপির লিফলেট বিতরণ ও পথসভা - দৈনিক দেশেরপত্র - মানবতার কল্যাণে সত্যের প্রকাশ

ডোমারে সারজিস আলমের নেতৃত্বে এনসিপির লিফলেট বিতরণ ও পথসভা

May 26, 2025 07:07:13 PM   অনলাইন ডেস্ক
ডোমারে সারজিস আলমের নেতৃত্বে এনসিপির লিফলেট বিতরণ ও পথসভা

জুলাই গণঅভ্যুত্থান স্বপক্ষের ছাত্র-জনতার গঠিত রাজনৈতিক দল জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-এর আদর্শ, লক্ষ্য ও কর্মপরিকল্পনা প্রচারের অংশ হিসেবে নীলফামারীর ডোমার উপজেলায় লিফলেট বিতরণ কর্মসূচি পালন করেছে দলের উত্তরাঞ্চলীয় সাংগঠনিক টিম।

সোমবার ২৬ মে সকাল ১০টায় ডোমার বাজারের নিউ মার্কেট, কোচ স্ট্যান্ড, বনওয়ারী মোড় ও বাসস্ট্যান্ড এলাকায় এই লিফলেট বিতরণ ও জনসংযোগ কার্যক্রম অনুষ্ঠিত হয়। কর্মসূচি শেষে বাসস্ট্যান্ড এলাকায় পথসভায় বক্তব্য রাখেন জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-এর উত্তরাঞ্চলীয় মুখ্য সংগঠক সারজিস আলম।

পথসভায় সারজিস আলম বলেন, যাদের নেতৃত্বে ২০২৪ সালের ছাত্র-জনতার গণঅভ্যুত্থান হয়েছে, তাদের কাঁধে ভর করেই এনসিপির পথচলা শুরু হয়েছে। উত্তরাঞ্চলে আমাদের সাংগঠনিক যাত্রা নীলফামারী জেলা দিয়ে শুরু হলো। আমরা দেশের প্রতিটি উপজেলায় গিয়ে মানুষের কথা শুনতে চাই, তাদের অভিজ্ঞতা ও প্রত্যাশার ভিত্তিতে ভবিষ্যতের বাংলাদেশ গড়তে চাই।

তিনি বলেন, বাংলাদেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতিতে ফ্যাসিস্ট আওয়ামী লীগের পুনরায় ফিরে আসার কোনো সুযোগ নেই। খুনি হাসিনা ফিরলে তাকে বিচারের কাঠগড়াতেই দাঁড়াতে হবে। রাজনৈতিক বিভাজন সৃষ্টি করে কেউ যেন অপ্রাসঙ্গিক বক্তব্য না দেয়। অন্তর্বর্তীকালীন সরকারের সদস্যরা কোনো দলের সরাসরি প্রতিনিধি না—এটা মাথায় রাখা প্রয়োজন। দ্রুত নির্বাচন হতে পারে, তবে তা যদি স্বচ্ছ ও সুষ্ঠু না হয়, তাহলে অভ্যুত্থান পরবর্তী অর্জন কলঙ্কে পরিণত হবে।

তিনি এমপি-মন্ত্রীদের মনোনয়ন কেনা, উপর মহলকে তোষামোদ করা এবং ভোটের সময় নগণ্য অর্থের বিনিময়ে জনগণকে প্রভাবিত করার সমালোচনা করেন। বলেন, নির্বাচন প্রক্রিয়ায় ভালো মানুষকে সুযোগ দিতে হবে। প্রশাসনের মধ্যে 'স্যার' ডাক ও ঘুষ ছাড়া কাজ না হওয়া—এই চর্চা মেনে নেওয়া যায় না।

তিনি আরও বলেন, হাজারো মায়ের কোল খালি করা খুনিদের বিচার না হওয়া পর্যন্ত অন্তর্বর্তীকালীন সরকার যেন অন্য কারও হাতে দায়িত্ব দিয়ে চলে না যায়। আমরা দেশে খুনের বিচার, সিস্টেম সংস্কার এবং যোগ্য ব্যক্তিদের যোগ্য জায়গায় দেখতে চাই। অতীতে দুদককে রাজনৈতিক স্বার্থে ব্যবহার করা হয়েছে, এখন যেন কেউ একই পথে না হাঁটে। নেতাদের উচিত হবে শালীন ভাষা চর্চা করা, না হলে জনগণ তাদের প্রত্যাখ্যান করবে।

লিফলেট বিতরণ কর্মসূচিতে উপস্থিত ছিলেন জাতীয় নাগরিক পার্টির কেন্দ্রীয় যুগ্ম-আহ্বায়ক সারোয়ার তুষার, ড. আতিক মুজাহিদ, যুগ্ম-মুখ্য সংগঠক আলী নাছের খান, সাদিয়া ফারজানা দিনা, আসাদুল্লাহ আল গালিব, আবু সাঈদ লিওন, জাতীয় নাগরিক কমিটির উপজেলা প্রতিনিধি মোহাম্মদ শরীফ হোসেন, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের জেলা যুগ্ম-আহ্বায়ক মাহির মুহাম্মদ মিলন ও যুগ্ম-সদস্য সচিব রবিন হাসান।

এনসিপি নেতারা জানান, আজকের কর্মসূচির মধ্য দিয়ে উত্তরাঞ্চলে এনসিপির আনুষ্ঠানিক প্রচারণা শুরু হলো। তারা নীলফামারী জেলার ডোমার, ডিমলা, জলঢাকা, কিশোরগঞ্জ, সদর ও সৈয়দপুর উপজেলায় ধারাবাহিকভাবে জনসংযোগ চালিয়ে যাবেন।