Date: April 19, 2026

দৈনিক দেশেরপত্র

collapse
...
Home / সারাদেশ / ঢাকা / ডেঙ্গু কেড়ে নিল তিনবারের বিশ্বজয়ী হাফেজ ত্বকীর প্রাণ - দৈনিক দেশেরপত্র - মানবতার কল্যাণে সত্যের প্রকাশ

ডেঙ্গু কেড়ে নিল তিনবারের বিশ্বজয়ী হাফেজ ত্বকীর প্রাণ

October 28, 2025 05:38:59 PM   দেশেরপত্র ডেস্ক
ডেঙ্গু কেড়ে নিল তিনবারের বিশ্বজয়ী হাফেজ ত্বকীর প্রাণ

ডেঙ্গুতে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেছেন তিনবারের আন্তর্জাতিক কোরআন প্রতিযোগিতার বিজয়ী হাফেজ সাইফুর রহমান ত্বকী (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজেউন)। মঙ্গলবার (২৮ অক্টোবর) সকালে রাজধানীর মুগদা জেনারেল হাসপাতালে লাইফ সাপোর্টে থাকা অবস্থায় তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেন। মৃত্যুর সংবাদটি নিশ্চিত করেছেন তার শিক্ষক ও মারকাযুত তাহফিজের প্রতিষ্ঠাতা হাফেজ কারী শায়খ নেছার আহমদ আন-নাছিরী।

হাফেজ ত্বকী মারকাযুত তাহফিজ থেকে হিফজ সম্পন্ন করেন এবং এখান থেকেই একাধিকবার জাতীয় ও আন্তর্জাতিক কোরআন প্রতিযোগিতায় বিজয়ী হন। তিনি ছিলেন বাংলাদেশের কোরআনপ্রেমী তরুণদের মধ্যে এক উজ্জ্বল নক্ষত্র, যিনি দেশ ছাড়িয়ে বিশ্বমঞ্চে ইসলামের বাণী ছড়িয়ে দিয়েছিলেন। বর্তমানে তিনি নারায়ণগঞ্জের একটি মাদরাসায় কিতাব বিভাগে অধ্যয়নরত ছিলেন।

ডেঙ্গুতে আক্রান্ত হওয়ার পর তার শারীরিক অবস্থার দ্রুত অবনতি ঘটে। পরে তাকে হাসপাতালে ভর্তি করা হয় এবং এক পর্যায়ে লাইফ সাপোর্টে নেওয়া হয়। সেখানেই তিনি ইন্তেকাল করেন।

হাফেজ ত্বকী ২০১৭ সালে জর্ডানে অনুষ্ঠিত আন্তর্জাতিক হিফজুল কোরআন প্রতিযোগিতায় ৬২টি দেশকে পেছনে ফেলে প্রথম স্থান অর্জন করে সারা বিশ্বের মুসলমানদের দৃষ্টি কাড়েন। পরবর্তী সময়ে কুয়েত ও বাহরাইনে অনুষ্ঠিত কোরআন প্রতিযোগিতাতেও তিনি বিজয়ী হয়ে বাংলাদেশের মুখ উজ্জ্বল করেন। এছাড়াও, তিনি এনটিভির জনপ্রিয় অনুষ্ঠান ‘কুরআনের আলো’-সহ দেশের বিভিন্ন কোরআন প্রতিযোগিতায়ও প্রথম স্থান অর্জন করেছিলেন।

২০০০ সালে কুমিল্লার মুরাদনগর উপজেলার ডালপা গ্রামে জন্মগ্রহণ করেন হাফেজ ত্বকী। তার পিতা মাওলানা বদিউল আলম একজন মাদরাসা শিক্ষক। অল্প বয়সেই সন্তানের এমন মৃত্যুতে শোকে ভেঙে পড়েছে পরিবারটি। সামাজিক যোগাযোগমাধ্যমে ত্বকীর অকাল প্রয়াণে গভীর শোক ও সমবেদনা প্রকাশ করছেন অসংখ্য মানুষ।

বাংলাদেশ হারালো এক বিশ্বজয়ী তরুণ হাফেজকে—যার কণ্ঠে কোরআনের তিলাওয়াত বহুবার বিশ্বমঞ্চে উজ্জ্বল করেছে বাংলাদেশের নাম।