Date: April 21, 2026

দৈনিক দেশেরপত্র

collapse
...
Home / আন্তর্জাতিক / ট্রাম্পকে খুশি করতেই ইরানে সহিংস বিক্ষোভ: খামেনির অভিযোগ - দৈনিক দেশেরপত্র - মানবতার কল্যাণে সত্যের প্রকাশ

ট্রাম্পকে খুশি করতেই ইরানে সহিংস বিক্ষোভ: খামেনির অভিযোগ

January 10, 2026 01:58:13 PM   আন্তর্জাতিক ডেস্ক
ট্রাম্পকে খুশি করতেই ইরানে সহিংস বিক্ষোভ: খামেনির অভিযোগ

ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনি মন্তব্য করেছেন, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে খুশি করতে বিক্ষোভকারীরা দেশে সহিংসতা ও ভাঙচুর চালাচ্ছে। তিনি এসব কর্মকাণ্ডকে দাঙ্গাবাজি আখ্যা দিয়ে বলেন, বিক্ষোভকারীদের মূল উদ্দেশ্য বিদেশের নেতাদের সন্তুষ্ট করা। শুক্রবার রাষ্ট্রীয় টেলিভিশনে দেওয়া সংক্ষিপ্ত ভাষণে তিনি এসব কথা বলেন।

একই সময়ে, জাতিসংঘ নিরাপত্তা পরিষদে পাঠানো এক চিঠিতে ইরান যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে অভিযোগ তোলেন। বিক্ষোভকে ‘সহিংস নাশক কার্যক্রম ও ব্যাপক ভাঙচুরে’ রূপ দেওয়ার অভিযোগ করা হয়েছে। রাষ্ট্রদূতের বক্তব্য অনুযায়ী, হুমকি, উসকানি এবং অস্থিতিশীলতা ও সহিংসতাকে ইচ্ছাকৃতভাবে উৎসাহ দেওয়ার মাধ্যমে যুক্তরাষ্ট্র ইরানের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ করছে। অন্যদিকে মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প বলেছেন, ইরান বড় বিপদে রয়েছে এবং বিক্ষোভকারীদের ক্ষতি হলে যুক্তরাষ্ট্র কঠোর জবাব দেবে, যদিও তিনি সরাসরি সেনা পাঠানোর কথা বলেননি।

অর্থনৈতিক সংকটকে কেন্দ্র করে শুরু হওয়া এই বিক্ষোভ দেশটিতে টানা ১৩ দিন ধরে চলতে থাকায় সাম্প্রতিক বছরের মধ্যে সবচেয়ে বড় আন্দোলনে পরিণত হয়েছে। এ সময়ে ইন্টারনেট সংযোগ বন্ধ করে দেওয়া হয়েছে, কেউ কেউ ইসলামিক প্রজাতন্ত্রের অবসান ঘটিয়ে রাজতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার দাবি তুলেছেন। মানবাধিকার সংগঠনগুলোর তথ্য অনুযায়ী, এ পর্যন্ত অন্তত ৪৮ থেকে ৫১ জন নিহত হয়েছেন, যাদের মধ্যে শিশুও রয়েছে, এবং দুই হাজারের বেশি মানুষ গ্রেপ্তার হয়েছেন। টাইম ম্যাগাজিনের প্রতিবেদন অনুযায়ী, শুধু রাজধানী তেহরানেই এক রাতে ২০০-এর বেশি বিক্ষোভকারী নিহত হয়েছেন।

খামেনি বলেন, ইসলামিক প্রজাতন্ত্র কোনো চাপের কাছে মাথা নত করবে না এবং ‘ধ্বংসাত্মক উপাদান’ কঠোরভাবে দমন করা হবে। নিরাপত্তা বাহিনী ও বিপ্লবী গার্ডও বিক্ষোভকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দিয়েছে। এ ঘটনায় যুক্তরাজ্য, ফ্রান্স ও জার্মানি প্রাণহানির নিন্দা জানিয়েছে। জাতিসংঘও উদ্বেগ প্রকাশ করে শান্তিপূর্ণ বিক্ষোভের অধিকার রক্ষার আহ্বান জানিয়েছে। বিশ্লেষকরা মনে করছেন, ইরানের অভ্যন্তরীণ সহিংসতা আঞ্চলিক স্থিতিশীলতা ও আন্তর্জাতিক কূটনীতিক সম্পর্ককে উল্লেখযোগ্যভাবে প্রভাবিত করছে এবং ভবিষ্যতে রাজনৈতিক ও সামরিক উত্তেজনা আরও বাড়ানোর সম্ভাবনা রয়েছে।