


ভ্রাম্যমাণ প্রতিনিধি:
টানা তিন দিনের ভারি বর্ষণে মানিকগঞ্জের ঘিওর উপজেলার জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। মঙ্গলবার সকাল থেকেও জেলার বিভিন্ন স্থানে থেমে থেমে বৃষ্টিপাত অব্যাহত রয়েছে। সেই সঙ্গে দমকা হাওয়া আবহাওয়ায় শীতল ভাব এনেছে, যা সাধারণ মানুষের ভোগান্তি আরও বাড়িয়েছে।
আবহাওয়া অফিস জানিয়েছে, গত ২৪ ঘণ্টায় জেলায় ১০৮ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে এবং এসময় বাতাসের গড় গতিবেগ ছিল ঘণ্টায় ৩০-৩৫ কিলোমিটার। বৃষ্টিপাত অব্যাহত থাকতে পারে বলেও পূর্বাভাস দেওয়া হয়েছে।
টানা বৃষ্টির কারণে ঘিওর উপজেলার গুরুত্বপূর্ণ ও জনবহুল এলাকাগুলো প্রায় জনশূন্য দেখা গেছে। জরুরি প্রয়োজন ছাড়া কেউ ঘর থেকে বের হচ্ছেন না। এই পরিস্থিতিতে সবচেয়ে বেশি দুর্ভোগে পড়েছেন দিনমজুর ও শ্রমজীবী মানুষ। বৃষ্টির কারণে সময়মতো কাজে যোগ দিতে না পারায় তাদের আয়-রোজগার বন্ধ হয়ে গেছে।
উপজেলার চরবাইলজুরী পঞ্চ রাস্তা এলাকায় রিকশাচালক আজিজুল ইসলাম বলেন, 'টানা তিন দিনের বৃষ্টি আর বাতাসে মানুষ ঘর থেকে বের হচ্ছে না। সকাল থেকে বসে আছি, কিন্তু কোনো ভাড়া পাইনি।'
এদিকে, অবিরাম বৃষ্টি ও দমকা বাতাসে ফসলের মাঠ লণ্ডভণ্ড হয়ে গেছে। পানিতে তলিয়ে গেছে শত শত হেক্টর জমির পাকা ও আধা-পাকা ধান। এছাড়া কলা, পেঁপে ও শিমসহ বিভিন্ন মৌসুমি ফসলের ব্যাপক ক্ষতির আশঙ্কা করছেন কৃষকরা।
বানিয়াজুরী ইউনিয়নের রাথুরা গ্রামের কৃষক আব্দুর রাজ্জাক হতাশা প্রকাশ করে বলেন, 'বৃষ্টির পানি আর দমকা বাতাসে আমার সব শেষ। ধান ও কলাবাগান পানিতে ডুবে গেছে। যা খরচ করেছিলাম, তার কিছুই আর উঠবে না।'
ফসলের ক্ষয়ক্ষতির বিষয়ে ঘিওর উপজেলা কৃষি কর্মকর্তা, কৃষিবিদ তহমিনা খাতুন বলেন, 'প্রতিকূল আবহাওয়ার কারণে ধান, পেঁপে, কলা ও গ্রীষ্মকালীন সবজিসহ প্রায় আটটি মৌসুমি ফসলের আনুমানিক পাঁচ শতাংশ আক্রান্ত হয়েছে। ক্ষয়ক্ষতির পূর্ণাঙ্গ চিত্র নিরূপণের জন্য আমরা মাঠে কাজ করছি।'