


“সুস্থ দেহে সুস্থ মন, অন্যায়ের বিরুদ্ধে সংগ্রাম হবে বেগবান” স্লোগানকে ধারণ করে টাঙ্গাইল জেলা হেযবুত তওহীদ এক প্রীতি ফুটবল ম্যাচের আয়োজন করে। গতকাল বুধবার বিকাল ৪টায় বাথুলীসাদী খেলার মাঠে এই প্রাণবন্ত ম্যাচ অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন টাঙ্গাইল জেলা হেযবুত তওহীদের সভাপতি ডা. নাজম আল ইসলাম। তিনি তার বক্তব্যে খেলাধুলার গুরুত্ব তুলে ধরে বলেন, “সুস্থ দেহ ও মন গঠনের অন্যতম প্রধান মাধ্যম হচ্ছে খেলাধুলা। নিয়মিত খেলাধুলা শরীরকে সুগঠিত করে, রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় এবং স্থূলতা, ডায়াবেটিস ও হৃদরোগের মতো নানা জটিল রোগ থেকে রক্ষা করে।”
ডা. নাজম আল ইসলাম আরও বলেন, খেলাধুলা মানসিক স্বাস্থ্যের জন্যও অত্যন্ত উপকারী। এটি দুশ্চিন্তা, হতাশা ও মানসিক চাপ কমায়, মনকে প্রফুল্ল রাখে, মনোযোগ বাড়ায় এবং আত্মবিশ্বাস গড়ে তোলে। তিনি সামাজিক সম্পর্ক মজবুত করতে খেলাধুলার ভূমিকার কথা উল্লেখ করে বলেন, “দলগত খেলাধুলায় শৃঙ্খলা, নেতৃত্বদানের ক্ষমতা এবং সহযোগিতার মনোভাব তৈরি হয়। এর মাধ্যমে বন্ধুত্ব, ভ্রাতৃত্ববোধ ও দেশপ্রেমও জাগ্রত হয়।”
তিনি সকলকে মাদক ও অনৈতিক কাজ থেকে দূরে থেকে খেলাধুলায় মনোযোগী হওয়ার আহ্বান জানান, যা একটি সুস্থ, সুন্দর ও উন্নত সমাজ গঠনে সহায়ক হবে।
টাঙ্গাইল জেলা হেযবুত তওহীদের সাধারণ সম্পাদক মামুন পারভেজের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন টাঙ্গাইল জেলা হেযবুত তওহীদের সাংগঠনিক সম্পাদক মোস্তাফিজুর রহমান টিটু, দপ্তর সম্পাদক রাশেদুল ইসলাম নাফে, বাসাইল উপজেলা সভাপতি মো. রিপন মিয়া। সঞ্চালনা করেন জেলা ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক হাবিবুর রহমান রিপন। পরিচালনায় ছিলেন মোঃ আলমগীর হোসেন।
উভয় দলের খেলোয়াড়দের দুর্দান্ত পারফরম্যান্সে দর্শকরা মুগ্ধ হন।