Date: April 19, 2026

দৈনিক দেশেরপত্র

collapse
...
Home / সারাদেশ / ঢাকা / টাঙ্গাইলে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে আহত ২২, কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক - দৈনিক দেশেরপত্র - মানবতার কল্যাণে সত্যের প্রকাশ

টাঙ্গাইলে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে আহত ২২, কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক

December 27, 2025 02:38:55 PM   অনলাইন ডেস্ক
টাঙ্গাইলে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে আহত ২২, কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক

টাঙ্গাইলের ঘাটাইলে যাত্রীবাহী দুই বাসের মুখোমুখি সংঘর্ষে অন্তত ২২ জন যাত্রী আহত হয়েছেন। শনিবার (২৭ ডিসেম্বর) সকাল ৮টার দিকে টাঙ্গাইল-ময়মনসিংহ মহাসড়কের হরিপুর নামক স্থানে এই দুর্ঘটনা ঘটে। আহতদের উদ্ধার করে ঘাটাইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও টাঙ্গাইল জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। ঘন কুয়াশার কারণে দৃষ্টিসীমা কমে যাওয়ায় এ দুর্ঘটনা ঘটেছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।

প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা যায়, ধনবাড়ী থেকে ছেড়ে আসা বিনিময় পরিবহনের একটি যাত্রীবাহী বাস সকাল ৮টার দিকে হরিপুর নামক স্থানে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা টাঙ্গাইল থেকে ময়মনসিংহগামী প্রান্তিক পরিবহনের অপর একটি বাসের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। সংঘর্ষের তীব্রতায় বাস দুটির সামনের অংশ দুমড়েমুচড়ে যায় এবং অন্তত ২২ জন যাত্রী আহত হন। দুর্ঘটনার পরপরই স্থানীয় লোকজন ও ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার করে প্রাথমিক চিকিৎসার জন্য ঘাটাইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। আহতদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাদের উন্নত চিকিৎসার জন্য টাঙ্গাইল জেনারেল হাসপাতালে স্থানান্তর করা হয়েছে। এছাড়া গুরুতর আহত একজনকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

দুর্ঘটনার পর মহাসড়কে বেশ কিছুক্ষণ যানচলাচল বন্ধ হয়ে যায়, ফলে রাস্তার উভয় পাশে যানজটের সৃষ্টি হয়। খবর পেয়ে ঘাটাইল থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে দুর্ঘটনাকবলিত বাস দুটি রাস্তা থেকে সরিয়ে নেওয়ার কাজ শুরু করে। বাস দুটি সরানোর পর মহাসড়কে যান চলাচল পুনরায় স্বাভাবিক হয়।

এ বিষয়ে পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে ঘন কুয়াশা ও চালকদের অসতর্কতার কারণেই এই দুর্ঘটনাটি ঘটেছে। বিষয়টি তদন্ত করে পরবর্তীতে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।