Date: April 19, 2026

দৈনিক দেশেরপত্র

collapse
...
Home / জাতীয় / জামায়াতের আমীর হিসেবে টানা তৃতীয়বার শপথ নিলেন ডা. শফিকুর রহমান - দৈনিক দেশেরপত্র - মানবতার কল্যাণে সত্যের প্রকাশ

জামায়াতের আমীর হিসেবে টানা তৃতীয়বার শপথ নিলেন ডা. শফিকুর রহমান

November 28, 2025 07:08:46 PM   দেশেরপত্র ডেস্ক
জামায়াতের আমীর হিসেবে টানা তৃতীয়বার শপথ নিলেন ডা. শফিকুর রহমান

জামায়াতে ইসলামী দলের তৃতীয়বারের মতো আমীর হিসেবে শপথ গ্রহণ করেছেন ডা. শফিকুর রহমান। শুক্রবার (২৮ নভেম্বর) সন্ধ্যায় মগবাজারের আল-ফালাহ মিলনায়তনে অনুষ্ঠিত এক অনুষ্ঠানে তিনি আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণ করেন। শপথ গ্রহণ ও উদ্বোধনী অনুষ্ঠানে দেশের বিভিন্ন রাজনৈতিক দলের শীর্ষ নেতা, জামায়াতের কেন্দ্রীয় নির্বাহী পরিষদ, কেন্দ্রীয় কর্মপরিষদ এবং কেন্দ্রীয় মজলিসে শূরার সদস্যরা উপস্থিত ছিলেন।

ডা. শফিকুর রহমান প্রথমবার ২০১৯ সালের ১২ নভেম্বর এবং দ্বিতীয়বার ২০২২ সালের ৩১ অক্টোবর জামায়াতের আমীর নির্বাচিত হন। চিকিৎসা পেশার সঙ্গে যুক্ত থাকার পাশাপাশি তিনি দীর্ঘদিন রাজনৈতিক কর্মকাণ্ডেও সক্রিয় ছিলেন। শুরুতে জাসদ ছাত্রলীগের সঙ্গে যুক্ত ছিলেন, তবে ১৯৭৭ সালে ইসলামী ছাত্রশিবিরে যোগ দেন এবং সিলেট মেডিক্যাল কলেজ শাখা ও সিলেট শহর শাখার সভাপতির দায়িত্ব পালন করেন। ১৯৮৪ সালে তিনি জামায়াতে ইসলামীতে যোগ দেন এবং পরবর্তী সময়ে সিলেট শহর, জেলা ও মহানগর আমীর হিসেবে দায়িত্ব পালন করেন।

গত ২ নভেম্বর এক বিজ্ঞপ্তির মাধ্যমে তৃতীয় মেয়াদে তার নির্বাচিত হওয়ার বিষয়টি নিশ্চিত করে জামায়াত। দলের ইতিহাসে এর আগে টানা তিনবার আমীর হিসেবে দায়িত্ব পালন করেছেন অধ্যাপক গোলাম আযম এবং মাওলানা মতিউর রহমান নিজামী।

জামায়াতে ইসলামী দলের গঠনতন্ত্র অনুযায়ী, জাতীয় কাউন্সিলের সদস্যদের সরাসরি গোপন ভোটে তিন বছরের জন্য আমীর নির্বাচন করা হয়। নির্বাচিত আমীরকে কেন্দ্রীয় নেতৃত্বের সামনে প্রধান নির্বাচন কমিশনারের নিকট শপথ গ্রহণের মাধ্যমে আনুষ্ঠানিক দায়িত্বভার গ্রহণ করতে হয়।