Date: April 21, 2026

দৈনিক দেশেরপত্র

collapse
...
Home / জাতীয় / জানা গেল খালেদা জিয়ার জানাজা পড়াবেন কে - দৈনিক দেশেরপত্র - মানবতার কল্যাণে সত্যের প্রকাশ

জানা গেল খালেদা জিয়ার জানাজা পড়াবেন কে

December 30, 2025 03:51:50 PM   দেশেরপত্র ডেস্ক
জানা গেল খালেদা জিয়ার জানাজা পড়াবেন কে

সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার জানাজা ও দাফন রাষ্ট্রীয় মর্যাদায় সম্পন্ন করার জন্য সব ধরনের প্রস্তুতি নেওয়া হচ্ছে বলে জানিয়েছে অন্তর্বর্তী সরকার। সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে, বুধবার (৩১ ডিসেম্বর) জোহরের নামাজ শেষে ঢাকার জাতীয় সংসদ ভবন এলাকার মানিক মিয়া অ্যাভিনিউ ও দক্ষিণ প্লাজা প্রাঙ্গণে বেলা দুইটায় রাষ্ট্রীয় মর্যাদায় তার জানাজা অনুষ্ঠিত হবে।
বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর জানিয়েছেন, বেগম খালেদা জিয়ার জানাজা পড়াবেন জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের খতিব মুফতি আবদুল মালেক। মঙ্গলবার (৩০ ডিসেম্বর) দুপুরে গুলশানে বিএনপি চেয়ারপার্সনের কার্যালয়ে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত বিএনপির স্থায়ী কমিটির বৈঠক শেষে আয়োজিত ব্রিফিংয়ে তিনি এ তথ্য জানান।
ব্রিফিংয়ে মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দিতে বেগম খালেদা জিয়া সারা জীবন সংগ্রাম করেছেন। তার মৃত্যুতে যে অপূরণীয় ক্ষতি হয়েছে, তা পূরণ করার নয়। এই শোক ও বেদনা জাতির জন্য যেমন গভীর, তেমনি দলীয় নেতাকর্মীদের জন্যও তা ধারণ করা কঠিন।
তিনি আরও বলেন, বিএনপি এই শোককে শক্তিতে রূপান্তর করতে চায়। আগামীকাল দুপুর দুইটায় পার্লামেন্ট ভবনের দক্ষিণ প্লাজায় জানাজা অনুষ্ঠিত হবে, যেখানে বায়তুল মোকাররমের খতিব জানাজা পড়াবেন। জানাজা শেষে বেগম খালেদা জিয়াকে তার স্বামী ও সাবেক রাষ্ট্রপতি শহীদ জিয়াউর রহমানের পাশে সমাহিত করা হবে।
এ সময় বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান জানাজা ও দাফন কার্যক্রমের সঞ্চালনার দায়িত্ব পালন করবেন বলেও জানান বিএনপি মহাসচিব। পাশাপাশি শোকের এই দিনে দলীয় নেতাকর্মীদের প্রতি শান্তিপূর্ণ ও শৃঙ্খল আচরণ বজায় রাখার আহ্বান জানান তিনি।