


জাতীয় কবি কাজী নজরুল ইসলামের কুমিল্লায় থাকা স্মৃতিচিহ্ন সংরক্ষণের কাজ শুরু করবে সরকার। তবে এই সরকারের মেয়াদে কাজটি শেষ নাও হতে পারে বলে জানিয়েছেন সংস্কৃতি উপদেষ্টা। পরবর্তী সরকারকে এই কাজ সম্পন্ন করার দায়িত্ব নিতে হবে বলে মন্তব্য করেন তিনি।
রোববার (২৫ মে ২০২৫) বিকেলে কুমিল্লা শিল্পকলা একাডেমি মিলনায়তনে জাতীয় কবির ১২৬তম জন্মবার্ষিকী উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানের উদ্বোধন শেষে সাংবাদিকদের এসব কথা বলেন সংস্কৃতি উপদেষ্টা। ‘চব্বিশের গণঅভ্যুত্থান : কাজী নজরুলের উত্তরাধিকার’ -এই প্রতিপাদ্য নিয়ে তিন দিনব্যাপী এই আয়োজন করেছে জেলা প্রশাসন।
সংস্কৃতি উপদেষ্টা বলেন, “জাতীয় কবি নজরুল ইসলাম ছিলেন বর্ণাঢ্য চরিত্রের অধিকারী। তাকে নিয়ে যদি সিনেমা নির্মাণ করা যায়, তা বিশ্বব্যাপী সমাদৃত হবে। তার দর্শন অত্যন্ত সমৃদ্ধ। নজরুল ইনস্টিটিউট সেগুলোর অনুবাদ কাজ করছে এবং এতে কোনো সরকারি প্রোপাগান্ডা থাকবে না। এটি হবে একটি সত্যিকারের শিল্প-উদ্যোগ।”
তিনি আরও বলেন, “আজ থেকে ১০০ বছর আগে নজরুল যেখানে বসে গান ও কবিতা লিখেছেন, তখন তিনি জানতেন না এই বাংলাদেশের মানুষ একদিন তার গান-কবিতাকে অবলম্বন করে গণঅভ্যুত্থান পরিচালনা করবে। সেটাই শিল্পের শক্তি, সেটাই নজরুলের শক্তি।”