


চাঁদপুরের ফরিদগঞ্জ উপজেলার বদরপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে চাঞ্চল্যকর অনিয়মের ঘটনায় সহকারী শিক্ষিকা ফাতেমা বেগমকে সাময়িক বহিষ্কার করেছে প্রাথমিক শিক্ষা বিভাগ। অভিযোগ উঠেছে, তিনি নিয়মিত বিদ্যালয়ে এসে হাজিরা খাতায় স্বাক্ষর করলেও নিজের পরিবর্তে সদ্য দাখিল পাস করা ছেলে মিরাজুন্নবী সিয়ামকে দিয়ে শ্রেণিকক্ষে পাঠদান করাতেন।
সম্প্রতি বিষয়টি জানাজানি হলে শিক্ষার্থী ও অভিভাবকদের মধ্যে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়। পরে বিভিন্ন গণমাধ্যমে সংবাদ প্রকাশের পর তদন্তে অভিযোগের প্রাথমিক সত্যতা পায় শিক্ষা বিভাগ।
১২ মে চাঁদপুর জেলা প্রাথমিক শিক্ষা অফিসার মুহাম্মদ মোছাদ্দেক হোসেন স্বাক্ষরিত অফিস আদেশে ফাতেমা বেগমকে সাময়িক বরখাস্ত করা হয়।
জানা গেছে, অসুস্থতার কারণ দেখিয়ে ছুটি না নিয়েই বিদ্যালয়ে উপস্থিত হয়ে শুধু হাজিরা দিতেন ওই শিক্ষিকা। এরপর তার স্থলে ছেলে মিরাজুন্নবী সিয়াম দীর্ঘদিন ধরে শিক্ষার্থীদের পাঠদান করাতেন। বিষয়টি সামনে আসার পর স্থানীয়দের মধ্যে ব্যাপক সমালোচনার সৃষ্টি হয়।
উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার শিরিন সুলতানা বলেন, অভিযোগের প্রাথমিক সত্যতা পাওয়া গেছে। তাই তাকে সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছে।
এ বিষয়ে জেলা প্রাথমিক শিক্ষা অফিসার মুহাম্মদ মোছাদ্দেক হোসেন বলেন, শিক্ষা প্রতিষ্ঠানে কোনো ধরনের অনিয়ম বরদাস্ত করা হবে না। তদন্ত সাপেক্ষে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।