


সুনামগঞ্জে এক গৃহবধূকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগে দুইজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। ঘটনার পর গুরুতর অসুস্থ অবস্থায় ভুক্তভোগীকে হাসপাতালে ভর্তি করা হয়েছে, যেখানে তিনি চিকিৎসাধীন রয়েছেন।
সুনামগঞ্জ সদর উপজেলার লালপুর এলাকায় গত শুক্রবার (১০ এপ্রিল) গভীর রাতে এ ঘটনা ঘটে। অভিযোগ রয়েছে, ওই রাতে বাড়িতে একা থাকা গৃহবধূর ঘরে প্রবেশ করে তাকে জোরপূর্বক ধর্ষণ করে দুই ব্যক্তি।
পুলিশ জানায়, অভিযুক্তরা হলেন সদর উপজেলার গৌরারং ইউনিয়নের লালপুর গ্রামের মৃত ইন্তাজ আলীর ছেলে মকছদ আলী (৪৫) এবং একই গ্রামের মৃত হাসু মিয়ার ছেলে ইয়াছিন মিয়া (৩২)। ঘটনার পরপরই পুলিশ অভিযান শুরু করে এবং রোববার (১২ এপ্রিল) রাত ১১টার দিকে তাদের গ্রেপ্তার করতে সক্ষম হয়।
স্থানীয় সূত্রে জানা গেছে, ঘটনার সময় ভুক্তভোগী নারী বাড়িতে একা ছিলেন। এ সুযোগে অভিযুক্তরা তার স্বামীর খোঁজ করার অজুহাতে ঘরে প্রবেশ করে এবং পরে জোরপূর্বক ধর্ষণ করে।
ঘটনার পর গুরুতর অসুস্থ অবস্থায় স্থানীয়রা তাকে উদ্ধার করে সুনামগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করেন। চিকিৎসকরা জানিয়েছেন, তার শারীরিক অবস্থা নাজুক হওয়ায় তাকে নিবিড় পর্যবেক্ষণে রাখা হয়েছে।
এ বিষয়ে সুনামগঞ্জ সদর মডেল থানা -এর পরিদর্শক (তদন্ত) মো. আরিফ উল্লাহ জানান, ভুক্তভোগীর স্বামীর অভিযোগের ভিত্তিতে পুলিশ দ্রুত অভিযান চালিয়ে দুই আসামিকে গ্রেপ্তার করেছে। সোমবার তাদের আদালতে সোপর্দ করা হয়েছে এবং পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।