


গণঅভ্যুত্থানের পর প্রথমবারের মতো যুক্তরাজ্যভিত্তিক সংবাদমাধ্যম বিবিসিকে সাক্ষাৎকার দিয়েছেন ক্ষমতাচ্যুত ও পলাতক সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। জুলাইয়ের গণঅভ্যুত্থানের সময় সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় তার বিরুদ্ধে রায় ঘোষণার মাত্র কয়েক দিন আগে বিবিসির গ্লোবাল অ্যাফেয়ার্স প্রতিবেদক আনবারাসান ইথিরাজন ইমেইলের মাধ্যমে এ সাক্ষাৎকার নেন।
বিবিসি জানায়, ২০২৪ সালের ৫ আগস্ট দেশ ত্যাগের পর এটাই তাদের সঙ্গে শেখ হাসিনার প্রথম সাক্ষাৎকার। এর আগে তিনি আরও তিনটি আন্তর্জাতিক সংবাদমাধ্যম—রয়টার্স, এএফপি এবং দ্য ইনডিপেনডেন্টকে ইমেইলের মাধ্যমেই সাক্ষাৎকার দিয়েছিলেন।
এদিকে দেশে বর্তমানে আওয়ামী লীগের সব ধরনের কার্যক্রম নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে। পাশাপাশি আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল গণমাধ্যম ও সামাজিক যোগাযোগমাধ্যমে শেখ হাসিনার যেকোনো বিদ্বেষমূলক বক্তব্য প্রচারে নিষেধাজ্ঞা আরোপ করেছে।