Date: April 19, 2026

দৈনিক দেশেরপত্র

collapse
...
Home / সারাদেশ / ঢাকা / গাজীপুরে স্ত্রীকে শ্বাসরোধে হত্যা: ২৪ ঘণ্টার মধ্যে কুড়িগ্রাম থেকে স্বামী গ্রেফতার - দৈনিক দেশেরপত্র - মানবতার কল্যাণে সত...

গাজীপুরে স্ত্রীকে শ্বাসরোধে হত্যা: ২৪ ঘণ্টার মধ্যে কুড়িগ্রাম থেকে স্বামী গ্রেফতার

December 27, 2025 02:25:36 PM   অনলাইন ডেস্ক
গাজীপুরে স্ত্রীকে শ্বাসরোধে হত্যা: ২৪ ঘণ্টার মধ্যে কুড়িগ্রাম থেকে স্বামী গ্রেফতার

গাজীপুর সংবাদদাতা:
গাজীপুরে যৌতুকের দাবিতে স্ত্রীকে শ্বাসরোধে হত্যার চাঞ্চল্যকর ঘটনায় ঘাতক স্বামী মো. জালাল হোসেন দুলুকে গ্রেফতার করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)। হত্যাকাণ্ডের ২৪ ঘণ্টার মধ্যেই কুড়িগ্রাম জেলার রাজারহাট এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। র‍্যাব-১ এবং র‍্যাব-১৩-এর সদস্যরা যৌথভাবে এই অভিযান পরিচালনা করেন। গ্রেফতারকৃত জালাল হোসেন দুলু (৩০) কুড়িগ্রামের উলিপুর থানার বসুনিয়াপাড়া গ্রামের আ. আজিজের ছেলে।

জানা যায়, গত ২৬ ডিসেম্বর দিবাগত রাত আনুমানিক ২টা ৫০ মিনিটের দিকে গাজীপুর মেট্রোপলিটনের বাসন থানাধীন চান্দনা এলাকার রমিজ উদ্দিনের মালিকানাধীন পাঁচতলা ভবনের তৃতীয় তলায় এই নৃশংস ঘটনা ঘটে। নিহত গৃহবধূর নাম মানতুরা আক্তার সুমা (২৮)। তিনি ময়মনসিংহের হালুয়াঘাট থানার পূর্ব নড়াইল খালপাড়ার মিরাজুল ইসলামের মেয়ে। স্বামী-স্ত্রী উভয়েই ওই বাসায় ভাড়া থাকতেন।

র‍্যাব জানায়, যৌতুক দাবি ও পারিবারিক কলহের জের ধরে ঘটনার রাতে ভিকটিমকে শ্বাসরোধ করে হত্যা করেন জালাল। হত্যার পর তিনি মরদেহটি ভাড়া বাসায় তালাবদ্ধ রেখে তার শ্বশুরকে ফোন করে বিষয়টি জানান এবং পালিয়ে যান। পরে খবর পেয়ে বাসন থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়।

এ ঘটনায় নিহতের বাবা মো. মিরাজুল ইসলাম বাদী হয়ে বাসন থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে একটি হত্যা মামলা দায়ের করেন। মামলা রুজু হওয়ার পর র‍্যাব-১ (স্পেশালাইজড কোম্পানি পোড়াবাড়ি ক্যাম্প, গাজীপুর) ঘটনার ছায়া তদন্ত শুরু করে এবং আসামিকে গ্রেফতারে গোয়েন্দা নজরদারি বৃদ্ধি করে। এরই ধারাবাহিকতায় তথ্যপ্রযুক্তি ও গোপন সংবাদের ভিত্তিতে জানা যায়, আসামি কুড়িগ্রাম জেলার রাজারহাট এলাকায় আত্মগোপনে আছেন। পরে র‍্যাব-১ ও র‍্যাব-১৩-এর যৌথ আভিযানিক দল শনিবার (২৭ ডিসেম্বর) দিবাগত রাত ১টা ১০ মিনিটের দিকে কুড়িগ্রামের রাজারহাট থানাধীন নাজিম খান ইউনিয়নের রামকৃষ্ণ মন্ডলপাড়া এলাকায় অভিযান চালিয়ে জালাল হোসেন দুলুকে গ্রেফতার করে।

র‌্যাব জানিয়েছে, প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃত আসামি হত্যাকাণ্ডের সঙ্গে নিজের সম্পৃক্ততার কথা স্বীকার করেছেন। পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য তাকে গাজীপুর মেট্রোপলিটনের বাসন থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানিয়েছেন র‍্যাব-১-এর কোম্পানি কমান্ডার লেফটেন্যান্ট কমান্ডার মো. নাফিজ বিন জামাল।