


গাজীপুর সংবাদদাতা:
গাজীপুরে ফাঁকা গুলি ছুড়ে এনসিপির এক সদস্যের মোটরসাইকেল ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার দুপুরে গাজীপুর মেট্রোপলিটন পুলিশের বাসন থানাধীন যোগীতলা এলাকায় এ ঘটনা ঘটে। এনসিপির গাজীপুরের সদস্য মো. হাবিবের পুরাতন মোটরসাইকেল ক্রয়ের কথা বলে সেখানে এসে ছিনতাইকারীরা এ কাণ্ড ঘটায়। ঘটনাস্থল থেকে একটি গুলির খোসা উদ্ধার করা হয়েছে।
এ ঘটনায় এনসিপি নেতা হাবিবুর রহমান বাসন থানায় একটি লিখিত অভিযোগ করেছেন। অভিযোগের ভিত্তিতে ছিনতাই হওয়া মোটরসাইকেল উদ্ধারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে বলে জানিয়েছেন বাসন থানা পুলিশ।
গাজীপুর মেট্রোপলিটন পুলিশের বাসন থানা সূত্রে জানা যায়, বৃহস্পতিবার দুপুরে এনসিপি নেতার মালিকানাধীন ইয়ামাহা ব্র্যান্ডের মোটরসাইকেলটি কিনতে অজ্ঞাতনামা দুই ব্যক্তি যোগীতলা এলাকায় আসেন। পরে তাদের একজন ট্রায়াল ড্রাইভের কথা বলে মোটরসাইকেলে ওঠেন এবং অপরজন কাগজপত্র যাচাইয়ের জন্য হাতে নেন। এরপর কৌশলে মোটরসাইকেল নিয়ে দ্রুত পালিয়ে যায় তারা। এ সময় এনসিপি নেতা হাবিবুর রহমান দৌড়ে তাদের পিছু নিলে ছিনতাইকারীরা পেছন থেকে ফাঁকা গুলি ছোড়ে।