Date: April 21, 2026

দৈনিক দেশেরপত্র

collapse
...
Home / সারাদেশ / ময়মনসিংহ / খালিয়াজুরীতে বিএনপির ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত - দৈনিক দেশেরপত্র - মানবতার কল্যাণে সত্যের প্রকাশ

খালিয়াজুরীতে বিএনপির ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

September 01, 2025 04:33:15 PM   অনলাইন ডেস্ক
খালিয়াজুরীতে বিএনপির ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

নেত্রকোনার খালিয়াজুরীতে নানা কর্মসূচির মধ্য দিয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপির ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত হয়েছে। এ উপলক্ষে সোমবার (১ সেপ্টেম্বর) বেলা ১১টায় উপজেলা বিএনপির উদ্যোগে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়।

উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি আবুল কালাম আজাদ, নেতা মো. মাসুদ রানা এবং সাংগঠনিক সম্পাদক (২) মো. কায়ছার রহমান (শেকুল)-এর নেতৃত্বে শোভাযাত্রাটি দলীয় কার্যালয় প্রাঙ্গণ থেকে শুরু হয়। এটি নতুন বাজারসহ উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুনরায় দলীয় কার্যালয়ে এসে শেষ হয়।

শোভাযাত্রায় বিএনপি, যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দল ও শ্রমিক দলসহ বিভিন্ন অঙ্গ এবং সহযোগী সংগঠনের শত শত নেতাকর্মী ব্যানার-ফেস্টুন হাতে অংশ নেন। নেতাকর্মীদের স্লোগান ও করতালিতে পুরো এলাকা উৎসবমুখর হয়ে ওঠে।

পরে দলীয় কার্যালয়ে প্রতিষ্ঠাবার্ষিকীর কেক কেটে দিনের কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। এরপর অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তারা দলের প্রতিষ্ঠাতা, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শ, বিএনপির প্রতিষ্ঠার ইতিহাস এবং গণতন্ত্র পুনরুদ্ধারে দলের ভূমিকা তুলে ধরেন। একই সঙ্গে তারা দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে চলমান আন্দোলনকে আরও বেগবান করার প্রত্যয় ব্যক্ত করেন।

অনুষ্ঠানে উপজেলা বিএনপি ও অঙ্গ সংগঠনের বিভিন্ন স্তরের নেতাকর্মী ছাড়াও সাধারণ মানুষ উপস্থিত ছিলেন। সব মিলিয়ে শান্তিপূর্ণ পরিবেশে খালিয়াজুরীতে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীর কর্মসূচি সম্পন্ন হয়।