Date: April 19, 2026

দৈনিক দেশেরপত্র

collapse
...
Home / জাতীয় / খালেদা জিয়ার মৃত্যুতে গভীর শোক প্রকাশ প্রধান উপদেষ্টার - দৈনিক দেশেরপত্র - মানবতার কল্যাণে সত্যের প্রকাশ

খালেদা জিয়ার মৃত্যুতে গভীর শোক প্রকাশ প্রধান উপদেষ্টার

December 30, 2025 09:43:42 AM   দেশেরপত্র ডেস্ক
খালেদা জিয়ার মৃত্যুতে গভীর শোক প্রকাশ প্রধান উপদেষ্টার

তিনবারের সাবেক প্রধানমন্ত্রী, গণতান্ত্রিক আন্দোলনের প্রতীক এবং বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস। মঙ্গলবার (৩০ ডিসেম্বর) এক শোকবার্তায় তিনি বলেন, খালেদা জিয়ার ইন্তেকালে জাতি তার একজন মহান অভিভাবককে হারালো। তিনি নিজেও এই সংবাদে গভীরভাবে শোকাহত এবং মর্মাহত।

প্রধান উপদেষ্টার বরাত দিয়ে উপ-প্রেস সচিব আবুল কালাম আজাদ মজুমদার জানিয়েছেন, ড. ইউনূস বলেন, খালেদা জিয়া শুধু একটি রাজনৈতিক দলের নেত্রী ছিলেন না; তিনি বাংলাদেশের ইতিহাসের একটি গুরুত্বপূর্ণ অধ্যায়। তার অবদান, দীর্ঘ সংগ্রাম এবং জনগণের প্রতি তার আবেগ বিবেচনায় সরকার চলতি মাসে তাকে রাষ্ট্রের অতি গুরুত্বপূর্ণ ব্যক্তি হিসেবে ঘোষণা করেছে।

ড. ইউনূস আরও বলেন, বাংলাদেশে গণতন্ত্র, বহুদলীয় রাজনৈতিক সংস্কৃতি এবং জনগণের অধিকার প্রতিষ্ঠার ক্ষেত্রে তার ভূমিকা স্মরণীয় হয়ে থাকবে। তার আপসহীন নেতৃত্বের কারণে জাতি বারবার গণতন্ত্রহীন অবস্থার অন্ধকার থেকে মুক্তি পেয়েছে এবং দেশের জনগণ মুক্তির অনুপ্রেরণা পেয়েছে। দেশের প্রতি তার অবদান জাতি শ্রদ্ধার সঙ্গে স্মরণ করবে।

তিনি উল্লেখ করেন, রাজনৈতিক মতপার্থক্য সত্ত্বেও খালেদা জিয়ার দীর্ঘ রাজনৈতিক যাত্রা, গণমুখী নেতৃত্ব এবং দৃঢ় মনোবল সবসময় পথ দেখিয়েছে। তিনবারের সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া বাংলাদেশের প্রথম নারী প্রধানমন্ত্রী এবং বিএনপির চেয়ারপারসন হিসেবে স্বৈরশাসনের বিরুদ্ধে গণতন্ত্রে ফিরে যাওয়ার লড়াইয়ে নেতৃত্ব দিয়েছেন।

ড. ইউনূস বলেন, তার স্বামী, সাবেক রাষ্ট্রপতি ও সেনাপ্রধান ও বীর মুক্তিযোদ্ধা জিয়াউর রহমানের মৃত্যুর পর ১৯৮২ সালে গৃহবধূ থেকে রাজনীতিতে প্রবেশ করা খালেদা জিয়ার বলিষ্ঠ নেতৃত্ব স্বৈরশাসক এরশাদের দীর্ঘ নয় বছরের দুঃশাসনের পতনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।

তিনি উল্লেখ করেন, খালেদা জিয়ার বহু কর্ম ও সিদ্ধান্ত দেশকে অনেক দূর এগিয়ে নিয়েছে। মেয়েদের জন্য অবৈতনিক শিক্ষা ও উপবৃত্তি চালু করা তার অন্যতম উল্লেখযোগ্য অবদান, যা বাংলাদেশের নারী শিক্ষার অগ্রগতিতে একটি মাইলফলক হিসেবে বিবেচিত।

প্রধান উপদেষ্টা বলেন, রাজনৈতিক জীবনে খালেদা জিয়া ভীষণভাবে সফল ছিলেন। তিনি কখনো কোনো নির্বাচনে পরাজিত হননি। ১৯৯১ থেকে ২০০১ সালের সাধারণ নির্বাচনগুলোতে তিনি পাঁচটি পৃথক সংসদীয় আসন থেকে নির্বাচিত হয়েছিলেন। ২০০৮ সালে তিনি যে তিনটি আসনে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন, সেখানেই তিনি জয়লাভ করেছিলেন।

তিনি আরও বলেন, ১৯৯১ সালে প্রধানমন্ত্রী নির্বাচিত হওয়ার পর অর্থনৈতিক উদারীকরণের মাধ্যমে খালেদা জিয়া দেশের অর্থনীতির একটি মজবুত ভিত্তি স্থাপন করেন। শেখ হাসিনার শাসনামলে তিনি সংগ্রাম ও প্রতিরোধের এক অনন্য প্রতীক হিসেবে গণ্য হন। তার আপসহীন ভূমিকা দীর্ঘ লড়াই-সংগ্রামে জাতিকে গভীরভাবে অনুপ্রাণিত করেছে।

ড. ইউনূস উল্লেখ করেন, রাজনৈতিক সাফল্যের কারণে খালেদা জিয়া চরম রাজনৈতিক প্রতিহিংসার শিকার হন। মিথ্যা ও বানোয়াট মামলায় তাকে ১৭ বছরের কারাদণ্ড দেওয়া হয় এবং দীর্ঘদিন কারাবাসে থাকতে হয়।

শেষে প্রধান উপদেষ্টা খালেদা জিয়ার শোকসন্তপ্ত পরিবার ও দলের নেতাকর্মীদের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন। তিনি দেশের মানুষকে শান্ত থাকার এবং ধৈর্য ধারণের আহ্বান জানান এবং প্রত্যেককে বেগম খালেদা জিয়ার জন্য দোয়া ও প্রার্থনা করার অনুরোধ করেন।