Date: April 19, 2026

দৈনিক দেশেরপত্র

collapse
...
Home / সারাদেশ / ঢাকা / কুড়িগ্রামে গৃহবধূকে হত্যা: ৭২ ঘণ্টার মধ্যে গাজীপুরে প্রধান আসামি র‍্যাবের জালে - দৈনিক দেশেরপত্র - মানবতার কল্যাণে সত্যে...

কুড়িগ্রামে গৃহবধূকে হত্যা: ৭২ ঘণ্টার মধ্যে গাজীপুরে প্রধান আসামি র‍্যাবের জালে

January 17, 2026 11:49:38 PM   অনলাইন ডেস্ক
কুড়িগ্রামে গৃহবধূকে হত্যা: ৭২ ঘণ্টার মধ্যে গাজীপুরে প্রধান আসামি র‍্যাবের জালে

গাজীপুর সংবাদদাতা:
কুড়িগ্রামে গৃহবধূকে গলাকেটে হত্যাকাণ্ডের প্রধান আসামি এরশাদ আলীকে গ্রেপ্তার করেছে র‍্যাব-১। গাজীপুরের পোড়াবাড়ী ক্যাম্পের একটি দল শনিবার (১৭ জানুয়ারি) দুপুরে গাজীপুর মহানগরীর গাছা থানাধীন এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে।

র‍্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে আত্মগোপনে থাকা এরশাদ আলীকে গ্রেপ্তার করা হয়। চলতি মাসের ১৪ জানুয়ারি সকালে কুড়িগ্রাম জেলার কচাকাটা থানাধীন এলাকায় নিজ বাড়িতে গৃহবধূ শাহিদা খাতুনকে (২৮) পূর্বশত্রুতার জেরে ধারালো অস্ত্র দিয়ে গলাকেটে হত্যা করা হয়। এ হত্যাকাণ্ডে এরশাদের সঙ্গে আরও ১০/১২ জন সহযোগী অংশ নেয় বলে জানা গেছে।

নিহত শাহিদা খাতুন(২৮) কুড়িগ্রাম জেলার কচাকাটা থানার কুলামায় কালারচর এলাকার মো. আজিজুল ইসলামের স্ত্রী। অপরদিকে হত্যাকাণ্ডের প্রধান আসামি এরশাদ আলী (৩৩) একই এলাকার মৃত আবুল হোসেনের ছেলে।

র‍্যাব-১ এর গাজীপুর পোড়াবাড়ী ক্যাম্পের লেফটেন্যান্ট কমান্ডার মো. নাফিজ বিন জামাল জানান, আসামি এরশাদ আলী ভিকটিমের ছোট বোন শাহানাজ বেগমকে অর্থের বিনিময়ে কুপ্রস্তাব দেন। বিষয়টি শাহানাজ তার বড় বোন শাহিদা খাতুনকে জানালে শাহিদার স্বামী স্থানীয় লোকজনকে বিষয়টি অবহিত করেন। এতে ক্ষুব্ধ হয়ে ওঠে এরশাদ। সে পারিবারিক সুনাম ক্ষুণ্ন হওয়ার অভিযোগ এনে ভিকটিমের স্বামী আজিজুলকে বিভিন্নভাবে ভয়ভীতি ও হুমকি দিতে থাকে।

এরই ধারাবাহিকতায় পরিকল্পিতভাবে ভিকটিমের স্বামীর অনুপস্থিতিতে গত ১৪ জানুয়ারি সকালে ভিকটিম শাহিদা খাতুন নিজ বাড়ির টিউবওয়েলের পাশে চাল ধোয়ার সময় ধারালো অস্ত্র দিয়ে গলাকেটে তাকে হত্যা করা হয়।

এ ঘটনায় নিহতের বাবা সাইফুর রহমান বাদী হয়ে নিকটস্থ থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।

লেফটেন্যান্ট কমান্ডার নাফিজ বিন জামাল আরও জানান, ঘটনাটি গণমাধ্যমে প্রকাশের পর দেশজুড়ে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়। এরপর র‍্যাব-১ তথ্যপ্রযুক্তি ও গোয়েন্দা তথ্যের ভিত্তিতে অভিযান পরিচালনা করে গাজীপুর মহানগরীর গাছা থানাধীন এলাকা থেকে আত্মগোপনে থাকা প্রধান আসামি এরশাদ আলীকে গ্রেপ্তার করতে সক্ষম হয়।

গ্রেপ্তারের পর আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য তাকে গাজীপুর মেট্রোপলিটন পুলিশের বাসন থানায় হস্তান্তর করা হয়েছে।