


লালমনিরহাটের কালীগঞ্জ উপজেলায় পৈত্রিক জমি দখলের চেষ্টা এবং হুমকির অভিযোগ উঠেছে। বড় ভাই ও ভাতিজাদের বিরুদ্ধে থানায় অভিযোগ করেছেন আল আমিন নামের এক ব্যক্তি। উপজেলার চলবলা ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডে এই ঘটনাটি ঘটে। এই ঘটনাকে কেন্দ্র করে এলাকায় উত্তেজনা বিরাজ করছে এবং যেকোনো সময় রক্তক্ষয়ী সংঘর্ষের আশঙ্কা দেখা দিয়েছে।
অভিযোগ অনুযায়ী, উপজেলার নির্থক মৌজার ৮৮ শতক জমির মধ্যে ২৫.৪৬ শতক জমি আল আমিন ও তার অন্য ভাইবোনেরা দীর্ঘদিন ধরে ভোগদখল করে আসছিলেন। কিন্তু ওই জমির ওপর তার বড় ভাই আসাদুজ্জামান মিলন সরকার এবং তার দুই ছেলে শরিফুল ও সাহীরাজের নজর পড়ে। তারা আল আমিনকে জমি থেকে উচ্ছেদ করার জন্য নানাভাবে হয়রানি করে আসছিলেন।
অভিযোগ সূত্রে জানা যায়, এই জমি নিয়ে লালমনিরহাট নিম্ন আদালতে একটি মামলাও হয়েছিল। তবে সেই মামলার রায় আল আমিনের পক্ষে আসায় বিবাদীরা আরও ক্ষিপ্ত হয়ে ওঠেন। গত ১১ মে রাত ১০টার দিকে বিবাদীরা আল আমিনের দোকানে গিয়ে তাকে অকথ্য ভাষায় গালিগালাজ করেন। আল আমিন এর প্রতিবাদ করলে তাকে হত্যার হুমকি দেওয়া হয় বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে। এই ঘটনার পর তিনি নিরাপত্তা চেয়ে কালীগঞ্জ থানায় একটি লিখিত অভিযোগ করেন।
ভুক্তভোগী আল আমিন জানান, তিনি একজন অসহায় মানুষ। বিবাদীরা গায়ের জোরে তার ও তার ভাইবোনদের পাওনা জমি দখল করার চেষ্টা করছেন। তাকে পরিবারসহ এলাকা থেকে বিতাড়িত করার জন্য নানামুখী ষড়যন্ত্র এবং হুমকির ধরণ দেখে তিনি আতঙ্কিত হয়ে পড়েছেন। যেকোনো সময় বড় ধরণের সংঘাত হতে পারে বলে তিনি আশঙ্কা করছেন।
অন্যদিকে অভিযুক্ত শরিফুলের দাবি, ওই জমির ওয়ারিশ তার বাবা। তাই তারা তাদের অংশ ফিরে পাওয়ার জন্য আইনি লড়াই করছেন।
কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জানান, পুলিশ অভিযোগ পেয়েছে। বিষয়টি তদন্ত করে দ্রুত প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।