Date: May 16, 2026

দৈনিক দেশেরপত্র

collapse
...
Home / বিনোদন / কারিনার মতো সাহসী মানুষের প্রয়োজন ছিল: শোকবার্তায় তাসনিম জারা - দৈনিক দেশেরপত্র - মানবতার কল্যাণে সত্যের প্রকাশ

কারিনার মতো সাহসী মানুষের প্রয়োজন ছিল: শোকবার্তায় তাসনিম জারা

May 16, 2026 02:05:42 PM   বিনোদন ডেস্ক
কারিনার মতো সাহসী মানুষের প্রয়োজন ছিল: শোকবার্তায় তাসনিম জারা

জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটর ও অভিনেত্রী কারিনা কায়সার-এর মৃত্যুতে গভীর শোক ও বেদনা প্রকাশ করেছেন চিকিৎসক, জনস্বাস্থ্য বিশেষজ্ঞ ও রাজনীতিবিদ তাসনিম জারা। তিনি বলেন, বাংলাদেশের সমাজে কারিনার মতো সাহসী, স্পষ্টভাষী ও ব্যতিক্রমী মানুষের বড়ই প্রয়োজন ছিল, যিনি নিজের কাজ ও অবস্থান দিয়ে অনেককে ভাবতে শিখিয়েছেন।

শনিবার (১৬ মে) সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক আবেগঘন পোস্টে তাসনিম জারা এই মন্তব্য করেন। তিনি জানান, কারিনার সঙ্গে তার ব্যক্তিগতভাবে কখনো দেখা হয়নি, তবে অনলাইনে তার কাজ ও উপস্থিতি দেখে তিনি বুঝতে পেরেছিলেন-একজন নারী হিসেবে সমাজে নিজের অবস্থান ধরে রাখা কতটা চ্যালেঞ্জিং হতে পারে।

তাসনিম জারা তার পোস্টে বলেন, সমাজে নারীদের চেহারা, কণ্ঠ, জীবনযাপন ও সিদ্ধান্ত নিয়ে প্রতিনিয়ত বিচার-বিশ্লেষণ করা হয়। এই বাস্তবতার মধ্যেও কারিনা নিজের রসবোধ, আত্মবিশ্বাস এবং সাহস দিয়ে একটি আলাদা পরিচিতি তৈরি করেছিলেন।

তিনি আরও উল্লেখ করেন, কারিনা শুধু একজন কনটেন্ট ক্রিয়েটর ছিলেন না, বরং সমাজের নানা অসঙ্গতি নিয়ে ব্যঙ্গাত্মক ও চিন্তাশীল কনটেন্ট তৈরি করে দর্শকদের ভাবতে বাধ্য করতেন। তার কাজ তরুণদের মধ্যে নতুন দৃষ্টিভঙ্গি তৈরি করেছিল বলে মন্তব্য করেন তিনি।

তাসনিম জারা বলেন, কারিনার সামনে আরও অনেক সম্ভাবনা ও বড় কাজ করার সুযোগ ছিল, কিন্তু অকাল মৃত্যুতে দেশ হারিয়েছে এক সম্ভাবনাময় ও প্রতিভাবান তরুণ মুখকে।

এছাড়া তিনি কারিনার অসুস্থতা চলাকালীন সময়ে সামাজিক যোগাযোগমাধ্যমে কিছু নেতিবাচক মন্তব্যেরও সমালোচনা করেন। তার মতে, অনেকেই অমানবিকভাবে মন্তব্য করেছেন এবং এমনকি কারিনার অসুস্থতাকে ধর্মীয় শাস্তির সঙ্গে যুক্ত করেছেন, যা অত্যন্ত দুঃখজনক ও অগ্রহণযোগ্য।

সবশেষে তিনি আবেগঘন বার্তায় লেখেন, “বিশ্রাম নাও কারিনা, তোমার কারণে আমরা আরও একটু সাহসী হতে শিখব।”