Date: May 16, 2026

দৈনিক দেশেরপত্র

collapse
...
Home / বিনোদন / আমি মারা গেলে ছবিটা দিয়েন-কারিনার সেই ছবি প্রকাশ - দৈনিক দেশেরপত্র - মানবতার কল্যাণে সত্যের প্রকাশ

আমি মারা গেলে ছবিটা দিয়েন-কারিনার সেই ছবি প্রকাশ

May 16, 2026 01:27:51 PM   বিনোদন ডেস্ক
আমি মারা গেলে ছবিটা দিয়েন-কারিনার সেই ছবি প্রকাশ

জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটর ও অভিনেত্রী কারিনা কায়সার-এর মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে সামাজিক যোগাযোগমাধ্যম ও শোবিজ অঙ্গনে। তার অকাল প্রয়াণে সহকর্মী, বন্ধু ও শুভানুধ্যায়ীরা আবেগঘন স্মৃতিচারণ করছেন। এরই মধ্যে উপস্থাপক রুম্মান রশীদ খান প্রকাশ করেছেন কারিনার একটি বিশেষ ছবি, যেটি মৃত্যুর পর প্রকাশ করতে নিজেই বলেছিলেন এই অভিনেত্রী।

শুক্রবার দিবাগত রাতে কারিনার মৃত্যুর খবর প্রকাশের পর সেই ছবিটি সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট করেন রুম্মান রশীদ খান। সাদাকালো ছবিটিতে দেখা যায়, দূরে তাকিয়ে আছেন কারিনা, মুখে রয়েছে হালকা এক চিলতে হাসি। ছবিটি পোস্ট করে রুম্মান লেখেন,
“কারিনার এই ছবিটি তুলে যখন সাদা-কালো এফেক্ট দিয়ে হোয়াটসঅ্যাপে পাঠিয়েছিলাম, তখন কারিনা বলেছিলেন— ‘ওয়াও! কী জোস! আমাকে তো নায়িকা নায়িকা লাগছে। আমি মারা যাবার পর এই ছবিটা দিয়েন!

700708234-10239526368553806-7519770035213582551-n-20260516113036-20260516121557.jpg

এই কথাগুলো এখন যেন আরও বেশি আবেগঘন হয়ে উঠেছে তার মৃত্যুর পর। সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্টটি ছড়িয়ে পড়ার পর অনেকেই আবেগাপ্লুত প্রতিক্রিয়া জানিয়েছেন। কেউ লিখেছেন, “কিছু কথা মানুষ মজা করে বললেও একসময় তা বাস্তব হয়ে যায়”, আবার কেউ স্মরণ করেছেন কারিনার প্রাণবন্ত ব্যক্তিত্বকে।

লিভারজনিত জটিলতায় দীর্ঘদিন ভুগছিলেন কারিনা কায়সার। অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য তাকে ভারতের চেন্নাইয়ে নেওয়া হয়। সেখানেই চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি।

সামাজিক যোগাযোগমাধ্যমে প্রাণবন্ত উপস্থাপনা, জীবনঘনিষ্ঠ কনটেন্ট এবং স্বতঃস্ফূর্ত ব্যক্তিত্বের কারণে তরুণদের মধ্যে দ্রুত জনপ্রিয়তা পান কারিনা। পরে ওটিটি ও নাটকের জগতেও ধীরে ধীরে নিজের জায়গা তৈরি করেন। অভিনয়ের পাশাপাশি চিত্রনাট্যকার হিসেবেও কাজ করেছেন তিনি।

তার উল্লেখযোগ্য কাজের মধ্যে রয়েছে ‘ইন্টার্নশিপ’ এবং ‘৩৬-২৪-৩৬’। অল্প সময়ের ক্যারিয়ারেই তিনি দর্শকদের মনে আলাদা জায়গা করে নিয়েছিলেন।

কারিনার মৃত্যুর খবর প্রকাশের পর থেকেই সামাজিক যোগাযোগমাধ্যমে শোকবার্তা জানাচ্ছেন সহকর্মী, নির্মাতা, কনটেন্ট ক্রিয়েটর ও ভক্তরা। অনেকেই বলছেন, হাসিখুশি আর প্রাণবন্ত সেই মুখটি এভাবে হারিয়ে যাবে, তা কেউ কল্পনাও করেননি।