


কুমিল্লা প্রতিনিধি:
কুমিল্লা জেলা শিল্পকলা একাডেমিতে বিপুল উৎসাহ-উদ্দীপনা ও উৎসবমুখর পরিবেশের মধ্য দিয়ে অনুষ্ঠিত হয়েছে হেযবুত তওহীদ ছাত্র ফোরামের বিভাগীয় ছাত্র সম্মেলন। গতকাল সকাল ১০টায় হেযবুত তওহীদ ছাত্র ফোরাম কুমিল্লা শাখার আয়োজনে অনুষ্ঠিত এ সম্মেলনের প্রতিপাদ্য ছিল ‘তওহীদভিত্তিক আধুনিক রাষ্ট্র গঠনে ছাত্রদের ভূমিকা’।
দিনব্যাপী এই আয়োজনে কুমিল্লা, চট্টগ্রাম ও আশপাশের বিভিন্ন কলেজ-বিশ্ববিদ্যালয়ের শত শত শিক্ষার্থীর পদচারণায় মুখর হয়ে ওঠে একাডেমি প্রাঙ্গণ। যা এক পর্যায়ে শিক্ষার্থীদের মিলনমেলায় রূপ নেয়।
কুমিল্লা জেলা ছাত্রফোরামের সভাপতি মো. রিপন হোসেনের সভাপতিত্বে সম্মেলনে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হেযবুত তওহীদের কেন্দ্রীয় যুগ্ম সাধারণ সম্পাদক ও চট্টগ্রাম বিভাগীয় আমির মাহাবুর আলম। তিনি তার বক্তব্যে শিক্ষার্থীদের উদ্দেশ্যে দিকনির্দেশনামূলক ও অনুপ্রেরণাদায়ক কথা বলেন। মাহাবুর আলম বলেন, “তওহীদ কেবল একটি ধর্মীয় শব্দ নয়, এটি মানুষের চিন্তা, সমাজ ও রাষ্ট্র নির্মাণের মূল ভিত্তি। আজকের ছাত্রসমাজ যদি এই একত্ববাদের দর্শনকে হৃদয়ে ধারণ করতে পারে, তবে তারা শুধু নিজেদের জীবনই নয়, পুরো জাতির ভবিষ্যৎকে বদলে দেওয়ার ক্ষমতা রাখে।”
তিনি বর্তমান সময়ের প্রেক্ষাপট তুলে ধরে আরও বলেন, “চারদিকে যখন তথ্যের বিভ্রান্তি, নৈতিক অবক্ষয় ও রাজনৈতিক অস্থিরতা বিরাজমান, তখন ছাত্রদের দায়িত্ব হচ্ছে স্রোতে গা না ভাসিয়ে সত্য, যুক্তি ও আদর্শভিত্তিক অবস্থান গ্রহণ করা। আধুনিক, ন্যায়ভিত্তিক ও মানবিক রাষ্ট্র প্রতিষ্ঠায় আগামী দিনের নেতৃত্ব আপনাদেরই দিতে হবে।”

মূখ্য আলোচক হিসেবে বক্তব্য রাখেন সংগঠনের কেন্দ্রীয় শিক্ষা ও প্রশিক্ষণ বিভাগের সহ-সম্পাদক রাকিব আল হাসান। তিনি শিক্ষার্থীদের মনন ও চিন্তাশক্তির বিকাশে গুরুত্বারোপ করেন। রাকিব আল হাসান বলেন, “একটি তওহীদভিত্তিক রাষ্ট্রব্যবস্থাই পারে মানুষকে সম্পূর্ণ নিরাপত্তা, ন্যায়বিচার এবং আত্মমর্যাদা দিতে। তবে এর জন্য আজকের শিক্ষার্থীদের প্রস্তুত হতে হবে। শুধু পুঁথিগত বিদ্যা বা ডিগ্রি অর্জন করলেই চলবে না; সমাজকে বদলানোর মানসিকতা, নেতৃত্বের গুণাবলি এবং সত্যের প্রতি অটল থাকার সাহস থাকতে হবে।” তিনি আদর্শ ছাত্রসমাজ গড়ে তোলার জন্য নৈতিকতা, শৃঙ্খলা, শিক্ষা ও সচেতনতা -এই চারটি স্তম্ভের ওপর জোর দেন।
সম্মেলনে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন হেযবুত তওহীদের কেন্দ্রীয় গণমাধ্যম ও যোগাযোগ বিভাগের সম্পাদক শারমিন সুলতানা চৈতি, ছাত্র ফোরামের কেন্দ্রীয় সভাপতি রাদ উল ইসলাম, চট্টগ্রাম বিভাগের সভাপতি ইকরামা বিন খুরশীদ, কুমিল্লা অঞ্চলের আমির মো. সাইফুল ইসলাম এবং চট্টগ্রাম অঞ্চলের আমির মো. সেলিম হোসেন। বক্তারা তাদের আলোচনায় নৈতিক নেতৃত্ব, সামাজিক দায়িত্ববোধ এবং রাষ্ট্রচিন্তা নিয়ে বিশদ ব্যাখ্যা দেন। ব্যক্তিগত উন্নয়ন, পরিবর্তনমুখী চিন্তাধারা এবং সমাজের কল্যাণে শিক্ষার্থীদের সক্রিয় ভূমিকা রাখার আহ্বান জানান তারা।
এর আগে সকাল ৮টা থেকেই দলে দলে শিক্ষার্থীরা সম্মেলনস্থলে আসতে শুরু করেন। তাদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ অনুষ্ঠানটিকে অত্যন্ত প্রাণবন্ত করে তোলে। পুরো অনুষ্ঠানটি যৌথভাবে ও সাবলীলভাবে সঞ্চালনা করেন কুমিল্লা জেলা ছাত্রফোরামের সাহিত্য সম্পাদক অনামিকা তাপসী, সোনাইমুড়ী উপজেলা ছাত্রফোরামের সমন্বয়ক হেবালেল্লাহ বিনতে হাবিব এবং নোয়াখালী জেলা ছাত্রফোরামের সদস্য মো. আলামিন হোসেন।
দিনব্যাপী চলা এই আয়োজনের শেষ পর্যায়ে সমাপনী বক্তব্য রাখেন অনুষ্ঠানের সভাপতি মো. রিপন হোসেন। উপস্থিত সবাইকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়ে তিনি সম্মেলনের সমাপ্তি ঘোষণা করেন। সম্মেলনটি শিক্ষার্থীদের মাঝে নতুন উদ্দীপনা ও আদর্শিক চেতনার উন্মেষ ঘটাবে বলে আশা প্রকাশ করেন আয়োজকরা।