


কুবি প্রতিনিধি:
কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) আন্তঃবিভাগ ক্রিকেট টুর্নামেন্ট ২০২৫ -এ রসায়ন বিভাগকে ১৩৮ রানের বিশাল ব্যবধানে পরাজিত করে দ্বিতীয়বারের মতো চ্যাম্পিয়ন হয়েছে আইন বিভাগ।
মঙ্গলবার (২৭ মে) বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় খেলার মাঠে দুপুর ১২টা ৩০ মিনিটে অনুষ্ঠিত হয় ফাইনাল ম্যাচটি।
টুর্নামেন্টে বিভিন্ন ক্যাটাগরিতে সেরা হয়েছেন যারা- প্লেয়ার অব দ্য টুর্নামেন্ট: হৃদয় আহমেদ (আইন বিভাগ); ম্যান অব দ্য ফাইনাল: আবু নূরে মুস্তাক (আইন বিভাগ); সর্বোচ্চ রান সংগ্রাহক: শাকিল মির্জা (আইন বিভাগ); সর্বোচ্চ উইকেট শিকারি: আকরাম মিয়া (বাংলা বিভাগ)।
ম্যান অব দ্য ফাইনাল আবু নূরে মুস্তাক বলেন, “প্রথমেই আলহামদুলিল্লাহ। এমন একটি টুর্নামেন্টের ফাইনালে ম্যান অব দ্য ম্যাচের স্বীকৃতি পাওয়া নিঃসন্দেহে গর্বের। তবে সবচেয়ে বড় আনন্দের বিষয় হচ্ছে, আমাদের দল চ্যাম্পিয়ন হয়েছে। আমি কৃতজ্ঞ আমার বিভাগ, শিক্ষক এবং সতীর্থদের প্রতি।”
প্লেয়ার অব দ্য টুর্নামেন্ট হৃদয় আহমেদ বলেন, “এই স্বীকৃতি নিঃসন্দেহে দারুণ এক অভিজ্ঞতা। ব্যক্তিগত পারফরম্যান্স যেমন গুরুত্বপূর্ণ, তেমনি সবচেয়ে বড় প্রাপ্তি হলো দলকে চ্যাম্পিয়ন করতে পারা। এই সাফল্য এসেছে আমাদের টিমওয়ার্কের মাধ্যমে।”
সর্বোচ্চ রান সংগ্রাহক শাকিল মির্জা বলেন, “টুর্নামেন্টে ভালো রান করে দলকে চ্যাম্পিয়ন করতে পারাটা অনেক বড় পাওয়া। ভবিষ্যতেও পারফরম্যান্স ধরে রাখার চেষ্টা করবো।”
সর্বোচ্চ উইকেট শিকারি আকরাম মিয়া বলেন, “যদিও আমাদের দল সেমিফাইনালেই বিদায় নিয়েছে, তবে ব্যক্তিগতভাবে বেস্ট বোলার হতে পারাটা আমার জন্য বড় অনুপ্রেরণা।”
উল্লেখ্য, গত ৭ মে শুরু হয়েছিল কুবির এই আন্তঃবিভাগ ক্রিকেট প্রতিযোগিতা।