Date: April 19, 2026

দৈনিক দেশেরপত্র

collapse
...
Home / আন্তর্জাতিক / কঠোর নিরাপত্তার মধ্যেই আল-আকসায় প্রথম তারাবিহ নামাজ সম্পন্ন - দৈনিক দেশেরপত্র - মানবতার কল্যাণে সত্যের প্রকাশ

কঠোর নিরাপত্তার মধ্যেই আল-আকসায় প্রথম তারাবিহ নামাজ সম্পন্ন

February 18, 2026 05:36:21 PM   আন্তর্জাতিক ডেস্ক
কঠোর নিরাপত্তার মধ্যেই আল-আকসায় প্রথম তারাবিহ নামাজ সম্পন্ন

পবিত্র রমজান মাসের প্রথম তারাবিহ নামাজ অনুষ্ঠিত হয়েছে জেরুজালেমের আল-আকসা মসজিদে, যেখানে হাজার হাজার ফিলিস্তিনি মুসল্লি উপস্থিত ছিলেন। মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) সন্ধ্যায় মসজিদের মূল হলরুম ও উন্মুক্ত চত্বরগুলোতে মুসল্লিদের সমাগম লক্ষ করা গেছে। নামাজের ইমামতি করেছেন মসজিদের খতিব শেখ ইউসুফ আবু স্নেইনাহ। তবে নামাজ চলাকালীন সময় ইসরায়েলি পুলিশ মসজিদ কম্পাউন্ডের ভিতরে অবস্থান নিয়ে মুসল্লিদের মধ্যে টহল দিচ্ছিল।

এর আগে, ফিলিস্তিনের গ্র্যান্ড মুফতি শেখ মোহাম্মদ হোসেন ঘোষণা করেন, বুধবার (১৮ ফেব্রুয়ারি) থেকে পবিত্র রমজান শুরু হবে। ইসলামি শরীয়াহ মোতাবেক চাঁদ দেখা গেছে, যা হিজরি ১৪৪৭ সালের ১লা রমজান হিসেবে নির্ধারিত হয়েছে।

অধিকৃত পূর্ব জেরুজালেমে বিশেষ করে আল-আকসা প্রাঙ্গণ ও ওল্ড সিটিতে ক্রমবর্ধমান উত্তেজনার মধ্যে এই নামাজ অনুষ্ঠিত হয়। সেখানকার নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে, গ্রেপ্তার কার্যক্রম চলেছে এবং ধর্মীয় ব্যক্তিত্ব ও কর্মীদের ওপর সাময়িক নিষেধাজ্ঞা জারি রয়েছে। ইউরো-মেডিটেরিনিয়ান হিউম্যান রাইটস মনিটর জানিয়েছে, রমজান উপলক্ষে পূর্ব জেরুজালেম ও পশ্চিম তীরে ইসরায়েলি বিধিনিষেধ আরও শক্তিশালী করা হয়েছে, যা উপাসনালয়ে প্রবেশের অধিকার সীমিত করছে। জেরুজালেম গভর্নরেটের তথ্য অনুযায়ী, ২০২৬ সালের শুরু থেকে আল-আকসায় প্রবেশে বাধা দিয়ে ২৫০টিরও বেশি আদেশ জারি হয়েছে।

গত সোমবার (১৬ ফেব্রুয়ারি) আল-আকসার ইমাম শেখ মোহাম্মদ আল-আব্বাসিকে ইসরায়েলি পুলিশ আটক করে। পরে মুক্তি দেওয়া হলেও মসজিদে প্রবেশে তার ওপর এক সপ্তাহের নিষেধাজ্ঞা আরোপ করা হয়। ফিলিস্তিনিরা ২০২৩ সালের ৮ অক্টোবর গাজায় সামরিক অভিযান শুরুর পর থেকে পূর্ব জেরুজালেম ও পশ্চিম তীরে ইসরায়েলের ক্রিয়াকলাপ বাড়ার বিষয়টি গভীর উদ্বেগের সঙ্গে পর্যবেক্ষণ করছে। তারা এটিকে ভূখণ্ড দখল বা সংযুক্তির পদক্ষেপ হিসেবে বিবেচনা করছে।

উল্লেখ্য, ২০২৪ সালের জুলাই মাসে আন্তর্জাতিক বিচার আদালত (আইসিজে) ফিলিস্তিনি ভূখণ্ডে ইসরায়েলের দখলদারিত্বকে অবৈধ ঘোষণা করে এবং পশ্চিম তীর ও পূর্ব জেরুজালেমের সমস্ত বসতি সরানোর আহ্বান জানিয়েছিল। আল-আকসায় প্রথম তারাবিহ নামাজের এই আয়োজন সেই কঠোর পরিস্থিতির মধ্যেই সম্পন্ন হয়েছে।

সূত্র: আনাদোলু এজেন্সি