


ভ্রাম্যমান সংবাদদাতা:
চাঁদপুরের কচুয়ায় বিষ প্রয়োগ করে ১০ লক্ষ টাকার মাছ নিধনের অভিযোগ পাওয়া গেছে। রবিবার (২৮ আগস্ট) ভোররাতে উপজেলার ৬ নং কচুয়া উত্তর ইউনিয়নের নাহারা গ্রামে কাউছার আহমেদ মাছের প্রজেক্টে এ ঘটনা ঘটে।
এতে ওই পুকুরের দেশীয় বিভিন্ন প্রজাতির ১০ লাখ টাকার মাছ বিনষ্ট করা হয়। এ ঘটনায় মৎস্য ব্যবসায়ী কাউছার আহমেদ কচুয়া থানায় অজ্ঞাত নামা আসামী করে লিখিত অভিযোগ দায়ের করেন।
কচুয়া থানার অভিযোগ সূত্রে ও মৎস্য ব্যবসায়ী কাউছার আহমেদ জানান,আমি দীর্ঘদিন ধরে প্রায় ২০ একর জমি ও পুকুর মিলে মাছ চাষ করে আসছি। কিছুদিন পূর্বে আমি কয়েকটি মাছের প্রজেক্ট সেচ দিয়ে মাছ ধরে পার্শ্ববর্তী পুকুরে মাছ রেখে দেই । ওই পুকুরে কে বা কাহারা রবিবার ভোর রাতে কীটনাশক দিয়ে আমার প্রায় ১০ লাখ টাকার মাছ বিনষ্ট করে। আমার কারো সাথে কোন ধরনের শত্রুতা নেই। তবে যে বিষ প্রয়োগ করেছে সে জানতো আমি ব্যক্তিগত কাজে ঢাকায় ছিলাম ও আমার কোন প্রজেক্ট বেশি মাছ আছে এবং সে পরিকল্পিত ভাবে পুকুরে বিষ দিয়ে মাছ নিধন করেছে। তদন্ত সাপেক্ষে আমি এর সুষ্ঠ বিচার দাবী করছি।
রবিবার দুপুরে অভিযোগ পেয়ে কচুয়া থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে। এঘটনায় ওই ওয়ার্ডের মেম্বার কাউছার আলম বলেন, মৎস্য ব্যবসায়ী কাউছার আহমেদ দীর্ঘদিন ধরে মাছ চাষ করে আসছে। করোনাকালীন অনেক অসহায় মানুষকে সহযোগীতা করেছে এবং কাউছার আহমেদ এর প্রজেক্টে ২০ জন লোক কাজ করে তাদের পরিবারের জীবিকা নির্বাহ করছেন। আমার জানামতে কাউছার সৎ লোক। তাঁর মাছের প্রজেক্টে যারা বিষ প্রয়োগ করেছে সুষ্ঠ তদন্তের মাধ্যমে তাদের কঠিন শাস্তি দাবী জানাচ্ছি।