


ভ্রাম্যমাণ সংবাদদাতা:
চাঁদপুরের কচুয়ায় প্রয়াত বীর মুক্তিযোদ্ধা শুকু মিয়া কমিশনারের সন্তান ওয়ার্ড কাউন্সিলর মো. মাসুদ আলমকে হত্যার হুমকির প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (২২ আগস্ট) দুপুরে পৌরসভাধীন পল্টন ময়দানে ৮নং ওয়ার্ডবাসীর উদ্যোগে এ মানববন্ধনের আয়োজন করা হয়। মানববন্ধন শেষে প্রতিবাদ সমাবেশে বক্তব্য রাখেন- ৮নং ওয়ার্ডের অধিবাসী আব্দুল হান্নান (হানু), বিল্লাল হোসেন, জহিরুল ইসলাম ও বজলুর রহমান।
এসময় বক্তারা বলেন, উপজেলার কড়ইয়া ইউনিয়নের নোয়াগাঁও গ্রামের লিটন চৌধুরী প্রায়ই ঢাকা থেকে তার নিজ বাড়িতে এসে জুয়া ও মদের আসর বসায় । তার এসব কর্মকান্ডে এলাকার পরিবেশ কলুষিত হচ্ছে। ধ্বংস হচ্ছে যুব সমাজ। তার এ অপকর্মের প্রতিবাদ করায় আমাদের জনপ্রিয় কাউন্সিলর আওয়ামী লীগ নেতা মাসুদ আলমকে গত ১৭ আগস্ট সন্ধ্যায় লিটন চৌধুরী তার ব্যবহৃত মোবাইল ফোনে হত্যার হুমকি দেয়। আমরা তার এই হত্যার হুমকি প্রদানে তীব্র নিন্দা জানিয়ে আগামী ৭২ ঘণ্টার মধ্যে তাকে গ্রেফতার করে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য জোরদাবী জানাচ্ছি। নির্দিষ্ট সময়ের মধ্যে গ্রেফতার না হলে, আমরা আরো কঠোর কর্মসূচির ঘোষণা করবো।