


ফুটবল অঙ্গনে কিলিয়ান এমবাপ্পে ও লামিনে ইয়ামালের প্রতিদ্বন্দ্বিতা এখন আর শুধু ক্লাব ফুটবলে সীমাবদ্ধ নেই; তা ছড়িয়ে পড়েছে ইউরোপীয় ফুটবলের নতুন যুগের আলোচনায়। রিয়াল মাদ্রিদের ফরাসি তারকা এমবাপ্পে ও বার্সেলোনার তরুণ স্প্যানিশ প্রতিভা ইয়ামাল—দুজনের লড়াই মাঠে যেমন তীব্র, তেমনি মাঠের বাইরেও নিয়ে আলোচনা থেমে নেই।
গত ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপে স্পেনের হয়ে ফ্রান্সকে হারিয়ে আলোচনায় আসেন মাত্র ১৮ বছর বয়সী ইয়ামাল। এরপর মৌসুমজুড়ে বার্সেলোনার হয়ে রিয়াল মাদ্রিদের বিপক্ষে দারুণ পারফরম্যান্স তার খ্যাতিকে আরও উজ্জ্বল করেছে। তবে মাঠের সাফল্যের পাশাপাশি তার ব্যক্তিগত জীবন নিয়েও নেট দুনিয়ায় চলছে নানা আলোচনা। আর্জেন্টাইন র্যাপার নিকি নিকোলসহ কয়েকজনের সঙ্গে সম্পর্কের গুঞ্জন ছড়িয়ে পড়েছে সামাজিক যোগাযোগমাধ্যমে, যা নিয়ে সমালোচনার ঝড় বইছে।
এই বিতর্কের মাঝেই এক টেলিভিশন সাক্ষাৎকারে মুখ খোলেন কিলিয়ান এমবাপ্পে। তিনি বলেন, “লামিনে ইয়ামাল ফুটবলকে ভালোবাসে—এটা সে বারবার প্রমাণ করেছে। সেই ভালোবাসা, সেই আবেগ যেন সে কখনো না হারায়। ব্যক্তিগত জীবন তার নিজের বিষয়।”
ইয়ামালকে নিয়ে সমালোচনার জবাবে এমবাপ্পে আরও বলেন, “মানুষ ওর ব্যক্তিগত জীবন নিয়ে অনেক কিছু বলে, কিন্তু সে তো মাত্র ১৮ বছর বয়সী। সবাই এই বয়সে ভুল করে, সেখান থেকেই শেখে। আসল বিষয় হলো—মাঠে সে কী করছে। আর সেখানে সে ইতোমধ্যেই অসাধারণ।”
রিয়াল মাদ্রিদের এই তারকা তরুণ প্রতিদ্বন্দ্বীর প্রতি শুভকামনাও জানাতে ভোলেননি। তার ভাষায়, “ওর প্রতিভা অবিশ্বাস্য। আমি আশা করি, ও নিজের পথেই এগিয়ে যাবে আর প্রাপ্য সাফল্য অর্জন করবে।”
এমবাপ্পের এই পরিপক্ব বক্তব্য ফুটবল বিশ্বে ইতিবাচক প্রতিক্রিয়া তৈরি করেছে। প্রতিদ্বন্দ্বী ক্লাবের খেলোয়াড় হয়েও এক তরুণ প্রতিভাকে সমালোচনার মাঝেও সমর্থন জানানো—এমন আচরণই দেখিয়েছে, কেন এমবাপ্পে কেবল মাঠের নায়ক নন, মানসিক পরিপক্বতারও এক অনন্য উদাহরণ।