Date: April 19, 2026

দৈনিক দেশেরপত্র

collapse
...
Home / আন্তর্জাতিক / ইরানের পাশে কাশ্মীর, গয়না-অর্থ দানে মানবতার দৃষ্টান্ত - দৈনিক দেশেরপত্র - মানবতার কল্যাণে সত্যের প্রকাশ

ইরানের পাশে কাশ্মীর, গয়না-অর্থ দানে মানবতার দৃষ্টান্ত

March 23, 2026 08:36:59 PM   আন্তর্জাতিক ডেস্ক
ইরানের পাশে কাশ্মীর, গয়না-অর্থ দানে মানবতার দৃষ্টান্ত

মধ্যপ্রাচ্যের চলমান সংকটের প্রেক্ষাপটে মানবতার এক উজ্জ্বল উদাহরণ স্থাপন করেছে জম্মু ও কাশ্মীরের মানুষ। ইরানের প্রতি সংহতি জানিয়ে তারা স্বতঃস্ফূর্তভাবে শুরু করেছে ত্রাণ সংগ্রহ কার্যক্রম, যেখানে সোনা-গয়না, নগদ অর্থ এমনকি গবাদিপশুও দান করা হচ্ছে।

ভারতের জম্মু ও কাশ্মীরের বুদগাম ও বারামুলা জেলায় এই উদ্যোগ সবচেয়ে বেশি চোখে পড়ছে। স্থানীয় বাসিন্দারা নিজেদের সামর্থ্য অনুযায়ী এগিয়ে এসে ইরানের সংকট মোকাবেলায় সহায়তা করছেন। বিশেষ করে নারীদের অংশগ্রহণ এই উদ্যোগকে দিয়েছে ভিন্ন মাত্রা। তারা তাদের ব্যক্তিগত গয়না—সোনার আংটি, কানের দুলসহ মূল্যবান অলংকার দান করছেন নির্দ্বিধায়।

এছাড়া শুধু গয়না বা অর্থেই সীমাবদ্ধ থাকেনি সহায়তা। অনেকেই দান করছেন গবাদিপশু, ঐতিহ্যবাহী তামার তৈরি সামগ্রীসহ বিভিন্ন সম্পদ। ঈদুল ফিতরের পর শিয়া অধ্যুষিত এলাকাগুলোতে স্বেচ্ছাসেবীরা ঘরে ঘরে গিয়ে এই ত্রাণ সংগ্রহ করছেন, যা পুরো অঞ্চলে এক আবেগঘন পরিবেশ তৈরি করেছে।

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া বিভিন্ন ভিডিওতে দেখা গেছে, নারী-পুরুষ নির্বিশেষে মানুষ লাইনে দাঁড়িয়ে দান করছেন। এমনকি শিশুরাও তাদের ঈদের উপহার থেকে প্রাপ্ত অর্থ এই ত্রাণ তহবিলে দিচ্ছে। এক আইনজীবী তার পরিবারের সদস্যদের কাছ থেকে প্রায় ৩১ লাখ রুপি সংগ্রহ করে দান করেছেন বলে জানা গেছে। আয়োজকদের দাবি, এ পর্যন্ত সংগৃহীত অর্থের পরিমাণ কয়েক কোটি রুপিতে পৌঁছেছে।

cd226a6d-515f-4d00-9bce-6c2d38278c7b.jpeg

সংগৃহীত অর্থ ও সামগ্রী পরবর্তীতে নগদে রূপান্তর করে অনুমোদিত চ্যানেলের মাধ্যমে ভারতে অবস্থিত ইরানের দূতাবাসে পাঠানো হচ্ছে। দূতাবাস কর্তৃপক্ষ সামাজিক মাধ্যমে কাশ্মীরের মানুষের এই মানবিক উদ্যোগের প্রশংসা জানিয়ে কৃতজ্ঞতা প্রকাশ করেছে।

এই উদ্যোগে শুধু সাধারণ মানুষই নয়, রাজনৈতিক ব্যক্তিরাও যুক্ত হয়েছেন। বুদগামের স্থানীয় বিধায়ক মুনতাসির মেহদি এক মাসের পূর্ণ বেতন দানের ঘোষণা দিয়েছেন, যা এই সহায়তা কার্যক্রমকে আরও শক্তিশালী করেছে।

কাশ্মীরের মানুষের এই উদ্যোগ আন্তর্জাতিক অঙ্গনে মানবতার এক অনন্য উদাহরণ হিসেবে বিবেচিত হচ্ছে। সংকটের সময়ে ভৌগোলিক সীমানা পেরিয়ে সহমর্মিতার যে বন্ধন তৈরি হয়েছে, তা বিশ্ববাসীর কাছে এক ইতিবাচক বার্তা পৌঁছে দিচ্ছে।