Date: April 21, 2026

দৈনিক দেশেরপত্র

collapse
...
Home / সারাদেশ / চট্টগ্রাম / আশুলিয়া ও লক্ষ্মীপুরে হেযবুত তাওহীদ ছাত্র ফোরামের সদস্যদের ওপর হামলা - দৈনিক দেশেরপত্র - মানবতার কল্যাণে সত্যের প্রকাশ

আশুলিয়া ও লক্ষ্মীপুরে হেযবুত তাওহীদ ছাত্র ফোরামের সদস্যদের ওপর হামলা

December 29, 2025 01:04:56 PM   অনলাইন ডেস্ক
আশুলিয়া ও লক্ষ্মীপুরে হেযবুত তাওহীদ ছাত্র ফোরামের সদস্যদের ওপর হামলা

ঢাকার আশুলিয়া ও লক্ষ্মীপুরে হেযবুত তাওহীদ ছাত্র ফোরামের শান্তিপূর্ণ প্রচার কার্যক্রম চলাকালে রাতে উসকানিমূলক ও পরিকল্পিত হামলার ঘটনা ঘটেছে। পৃথক দুই ঘটনায় সংগঠনটির একাধিক সদস্য আহত হয়েছেন। এসব ঘটনার তীব্র নিন্দা জানিয়ে হামলাকারী ও উসকানিদাতাদের দ্রুত চিহ্নিত করে গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছে ছাত্র ফোরাম।

সংগঠনটির পক্ষ থেকে জানানো হয়, রাতে ঢাকার আশুলিয়ায় নিয়মিত প্রচার কার্যক্রম চলাকালে একটি সংঘবদ্ধ চক্র ইচ্ছাকৃতভাবে বিভ্রান্তিকর বক্তব্য ছড়িয়ে পরিস্থিতি উত্তপ্ত করে তোলে। তারা মিথ্যা ও ভিত্তিহীনভাবে দাবি করে যে হেযবুত তাওহীদ একটি নিষিদ্ধ সংগঠন। এ অপপ্রচারের ফলে স্থানীয়ভাবে উত্তেজনা সৃষ্টি হয়। পরিস্থিতি শান্ত রাখতে ছাত্র ফোরামের সদস্যরা চেষ্টা করলেও একপর্যায়ে উসকানিদাতারা আরও আগ্রাসী হয়ে ওঠে এবং সংগঠনের দুই সদস্যের ওপর শারীরিক হামলা চালায়। এতে তারা গুরুতর আহত হন।

একই রাতে লক্ষ্মীপুর জেলাতেও অনুরূপ একটি ঘটনা ঘটে। সেখানে ছাত্র ফোরামের প্রচার কার্যক্রম চলাকালে কয়েকজন মাদ্রাসা শিক্ষক সংগঠনটিকে উদ্দেশ্যপ্রণোদিতভাবে ভুলভাবে উপস্থাপন করে স্থানীয় জনগণের মধ্যে উত্তেজনা ছড়ান বলে অভিযোগ করা হয়েছে। পরিস্থিতি সহিংস রূপ নিলে ছাত্র ফোরামের সদস্যদের ওপর হামলার ঘটনা ঘটে।

হেযবুত তাওহীদ ছাত্র ফোরাম জানিয়েছে, তারা একটি অরাজনৈতিক ও ধর্মীয় সংস্কারমূলক সংগঠন এবং হেযবুত তাওহীদের ছাত্র উইং হিসেবে সম্পূর্ণ আইন মেনে শান্তিপূর্ণভাবে কার্যক্রম পরিচালনা করে আসছে। সহিংসতা বা উগ্রতার সঙ্গে সংগঠনটির কোনো সম্পৃক্ততা নেই বলে দাবি করা হয়।

সংগঠনটির নেতারা বলেন, রাতে সংঘটিত এ ধরনের হামলা জননিরাপত্তা ও মতপ্রকাশের স্বাধীনতার জন্য গভীর উদ্বেগজনক। তারা আশুলিয়া ও লক্ষ্মীপুরের ঘটনায় মিথ্যা তথ্য ছড়িয়ে সহিংসতা উসকে দেওয়ার সঙ্গে জড়িতদের দ্রুত আইনের আওতায় আনার জন্য স্থানীয় প্রশাসন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রতি আহ্বান জানিয়েছেন। একই সঙ্গে ভবিষ্যতে শান্তিপূর্ণ ও আইনসম্মত কর্মসূচি নির্বিঘ্নে পরিচালনার জন্য প্রয়োজনীয় নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানানো হয়েছে।